থার্টি ফার্স্ট ঘিরে চট্টগ্রামে যা করা যাবে না
নগরীর বিভিন্ন রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদে ও প্রকাশ্য স্থানে জমায়েত বা কোনো ধরনের উৎসব আয়োজন করা যাবে না। পটকা ও আতশবাজি ফোটানো যাবে না।
খ্রিস্টীয় নববর্ষের রাত বা ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে এবারও চট্টগ্রামের পতেঙ্গা ও পারকী সমুদ্র সৈকতে জনসাধারণের অবস্থান না করাসহ ১৬ নির্দেশনা দিয়েছে নগর পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমিপি) তাদের ফেইসবুক পেইজে নির্দেশনায় বলেছে, শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত পতেঙ্গা ও পারকী সমুদ্র সৈকত এলাকায় কারও অবস্থান করা যাবে না।
নগরীর বিভিন্ন রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদে ও প্রকাশ্য স্থানে জমায়েত কিংবা কোনো ধরনের উৎসব আয়োজন করা যাবে না।
অনুমোদন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে করোনাভাইরাস সংক্রান্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও নারীদের জন্য পৃথক ব্যবস্থা করতে হবে।
২০২৩ সাল উদযাপনের নামে কোনো ধরনের পটকা কিংবা আতশবাজি ফোটানো যাবে না। ভবনের ছাদে আতশবাজি ফোটানো হলে ভবনের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডিজে পার্টির নামে কোনো হোটেলে স্থান বা কক্ষ ভাড়া না দিতেও হোটেল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, শনিবার বিকাল থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না। সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল প্রকার বার এবং রাত ১০টা থেকে ফাস্ট ফুডের দোকান ও মার্কেট বন্ধ রাখতে হবে।
উচ্চশব্দে গাড়িতে হর্ন ও বেপোরোয়া গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল না চালানোরও নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে পুলিশ।
কোন ঘটনা বা দুর্ঘটনার খবর জানাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ কিংবা সিএমপির নিয়ন্ত্রণ কক্ষের ০৩১-৬৩৯০২২, ০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫, ০১৩২০০৫৭৯৯৮ ০১৬৭৬১২৩৪৫৬ নম্বরে ফোন করে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন-
