সমাজসেবায় অবদানের স্বীকৃতি পেলো ‘মমতা’
অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ৪০ বছর ধরে চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলে কাজ করছে সংস্থাটি
সংগঠন পর্যায়ে সমাজসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে সরকারি সম্মাননা পেয়েছে চট্টগ্রাম ভিত্তিক বেসরকারি সংস্থা ‘মমতা’।
সোমবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এই মমতা-র প্রধান নির্বাহী রফিক আহামদের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা, প্রজনন স্বাস্থ্য, উদ্যোক্তা সৃষ্টি, নারী ও শিশু অধিকার রক্ষা ও সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখাসহ সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে মমতা ৪০ বছর ধরে চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলে কাজ করে চলেছে।
সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অধিদপ্তরের উপপরিচালক মো. ফরিদুল আলম।
