২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাদক মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

জামিনে ছাড়া পেয়ে দুই আসামিই পলাতক।

চট্টগ্রামে মাদক মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 07:39 PM

Updated : 15 Jun 2023, 02:21 PM

চট্টগ্রামে ৯ বছর আগে দায়ের করা মাদক মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত।

দণ্ডিত দুজন হলেন- আনোয়ার হোসেন (২৪) ও মো. জামাল হোসেন মুন্না (৩৫)। তারা নগরীর হালিশহর থানার ঈদগাঁ নোয়াব আলী মিস্ত্রি বাড়ির মৃত রফিক ড্রাইভারের ছেলে।

বুধবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় দেয়।

আদালতের অতিরিক্ত পিপি মো. নোমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা করে অর্থ দণ্ড ও অনাদায়ে আরো এক বছরের সাজা দেওয়া হয়েছে।

“দুই আসামি জামিনে ছাড়া পেয়ে এখন পলাতক।”

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ৫ জুন ডবলমুরিং থানার ঈদগাঁ নজির আহমদ চৌধুরী রোডে একটি দোকানের সামনে থেকে আনোয়ার ও জামালকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডবলমুরিং থানার এসআই আমিনুল হক বাদী হয়ে ১৯৯০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারায় বিক্রির জন্য ফেনসিডিল রাখার অপরাধে মামলাটি করেন।

মামলায় আনোয়ার ও জামালের আরেক ভাই মো. নাছির উদ্দিন ও নাছিরের স্ত্রী মুন্নি আক্তারকেও আসামি করা হয়েছিল। ২০১৪ সালের সেপ্টেম্বরে দেওয়া অভিযোগপত্রে নাছির ও মুন্নির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতি দেয়ার আবেদন করে পুলিশ।

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে আনোয়ার ও জামালের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।