রায় শুনে এজলাস থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার
রোববার রায়ে আদালত সাইফুলকে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা করে। এরপর এক ফাঁকে এজলাস থেকে পালিয়ে যান তিনি।
চট্টগ্রামের একটি আদালতে চেক প্রতারণার মামলায় দণ্ডাদেশের রায় শুনে এজলাস থেকে পালিয়ে যাওয়ার দুই ঘণ্টা পর আসামিকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে চট্টগ্রামের প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ শহীদুল ইসলামের এজলাস থেকে সাইফুল করিম খান (৪১) নামের ওই আসামি পালিয়ে যান। দুই ঘণ্টা পরে নগরীর হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের প্রসিকিউশন শাখার অতিরিক্ত উপ-কমিশনার নিশান চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই আসামি একটি চেক প্রতারণা মামলার রায়ের সময় আদালতের এজলাসে হাজির ছিলেন। রায় শুনে তিনি এক ফাঁকে পালিয়ে যান।
সাইফুল করিমের বিরুদ্ধে ২০২০ সালের ২০ অক্টোবর আল মুজিব বশর নামের এক ব্যক্তি চেক প্রতারণার মামলা করেন। রোববার রায়ে আদালত সাইফুলকে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা করে।
বন্দর থানার ওসি মনজুর কাদের মজুমদার বলেন, “ওই আসামিকে বেলা সাড়ে তিনটার দিকে নগরীর হালিশহর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।”
পুলিশ কর্মকর্তা নিশান চাকমা বলেন, এই ঘটনায় আদালত পুলিশের পক্ষ থেকে কোতয়ালী থানায় মামলা করা হয়েছে।
এছাড়া দায়িত্বে অবহেলার কারণে ওইসময় দায়িত্ব পালনরত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্তও করা হয়েছে বলেও জানান তিনি।
