১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গরমের জন্য একমাত্র দায়ী সরকার: বিএনপির শাহাদাত

“এই সরকারের পদত্যাগের মাধ্যমেই দেশের জনগণ মুক্তি পাবে”, বলেন তিনি।

গরমের জন্য একমাত্র দায়ী সরকার: বিএনপির শাহাদাত

চট্টগ্রামে পথচারী ও রিকশা চালকদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণের আয়োজনে মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2024, 08:51 PM

Updated : 27 Apr 2024, 08:51 PM

নদী দখল, গাছ কাটা ও কয়লা পুড়িয়ে বিদ্যুৎকেন্দ্র করায় তীব্র গরম পড়েছে বলে মনে করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন। তাই তিনি গরমের জন্য বর্তমান সরকারকে দায়ী করতে চান।

শনিবার নগরীর গোল পাহাড় মোড়ে পথচারী ও রিকশা চালকদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে এই আয়োজনে বিএনপি নেতা বলেন, “এ রকম গরম বাংলাদেশের ইতিহাসে আর কখনো পড়েনি। এই তীব্র গরমের জন্য একমাত্র দায়ী বর্তমান ‘গণবিরোধী ডামি সরকার’।”

সরকারের দায় কী- সেই বিষয়টি তুলে ধরে শাহাদাত বলেন, “এই দেশ নদী, খাল, বিল দিয়ে ভরা। কিন্তু সেই নদী, খাল, বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। এই সরকার নদী, বন ও গাছপালা রক্ষা করতে পারেনি।

“ভূমিদস্যুরা নদী দখল করে রেখেছে। অন্যায়ভাবে গাছ কেটে নিয়ে যাচ্ছে।‌ কিন্তু সরকার কিছুই কর‌ছে না।”

কয়লা বিদ্যুৎকেন্দ্রের দায়ও কম না বলে মনে করেন শাহাদাত হোসেন। তিনি বলেন, “কুয়াকাটায়, বাগেরহাটের রামপালে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র ক‌রেছে। যার কারণে সমুদ্র পাড়ে নারিকেল গাছে নারকেল ধরে না, ফসল হয় না।

“আমাদের নিশ্বাস, আমাদের অক্সিজেন হচ্ছে সুন্দরবন। সেই সুন্দরবনকে পুড়িয়ে উজাড় করে দেয়া হচ্ছে। এই পরিস্থিতি সৃষ্টি করেছে এই গণবিরোধী সরকার। তাই আজ উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ।”

৪০ ডিগ্রি তাপমাত্রা ৪৩ বা ৪৪ ডিগ্রি অনুভূত হচ্ছে জানিয়ে বিএনপি নেতা বলেন, “এই পরিস্থিতিতে দেশের মানুষ ধুঁকে ধুঁকে মারা যাবে। এই জন্য দেশের জনগণ চায় এই সরকারের বিদায়। এই সরকারের পদত্যাগের মাধ্যমেই দেশের জনগণ মুক্তি পাবে।”

বিএনপি নেতা সালাউদ্দীন চৌধুরী বাসু, আক্তারুজ্জামান চৌধুরী রাশেদ, মহানগর যুবদলের সমাজকল্যাণ সম্পাদক মো. সালাউদ্দীন, যুবদল নেতা মানিক সরকার, আনিসুর রহমান, মো. সজিব, মো. ইফতি, জুয়েল রানা, হানিফ সরকার, নাহিদুর রহমান হিরা, বেলাল উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।