চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাইভেটকারের ধাক্কায় সহকারী অধ্যাপক নিহত
স্কুটি চালিয়ে ক্যাম্পাসে ফেরার সময় রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংযোগ সড়ক ১ নম্বর গেইট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আফতাব হোসেন নিহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে স্কুটি চালিয়ে ক্যাম্পাসে ফেরার সময় এ দুর্ঘটনায় আফতাব হোসেনের (৪১) মৃত্যু হয় বলে জানান বিশ্ববিদ্যালয়রে সহকারী প্রক্টর শহীদুল ইসলাম।
পুলিশকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, যে গাড়ি তাকে ধাক্কা দিয়েছিল সেটি আটক করা হয়েছে। নিহত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডরমিটরিতে থাকতেন।
আফতাবের ভাই মাহাতাব হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় তার ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়ির চালক মাসুদ পারভেজকে (৩১) স্থানীয়রা ধরে আমাদের কাছে সোপর্দ করেছে।
