শান্ত চান্দগাঁও ভোটের দিন কেন উত্তপ্ত, কারণ খুঁজছে পুলিশ
ঘটনার দিন দায়িত্বে থাকা একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, যে এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটা নিয়ে একটি পক্ষের কোনো মাথাব্যথা ছিল না। অনেকেই পুলিশ কর্মকর্তাদের বারবার ফোন করে অন্য এলাকার কয়েকটি কেন্দ্রের বিষয়ে অভিযোগ জানাচ্ছিল।
অতীতে বিভিন্ন সময়ে নগরীর বিভিন্ন এলাকায় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও সেগুলো ছিল ক্ষণস্থায়ী। গত কয়েক বছর ধরে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সঙ্গে তেমন বড় কোনো সংঘাতও হয়নি। কিন্তু গত রোববার মোটামুটি শান্তিপূর্ণ ভোট হলেও চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় দিনভর পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ান বিএনপি কর্মীরা।
সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। যেখানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও নগর বিএনপি নেতা এরশাদ উল্লাহকেও আসামি করা হয়েছে।
তবে বিএনপি নেতাদের দাবি, ভোট প্রতিহত করতে সহিংস ঘটনা ঘটানোর কোনো পরিকল্পনা তাদের ছিল না। তৃতীয় কোন পক্ষের ‘ইন্ধনে’ এ ঘটনা ঘটেছে। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দুই আওয়ামী লীগ নেতার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তাদের মধ্যেকার বিরোধের জেরেই এ ঘটনা ঘটে থাকতে পারে। বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলাও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিযোগ তাদের।
চান্দগাঁও, বোয়ালখালী ও পাঁচলাইশ এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনে এবার আওয়ামী লীগ কোনো প্রার্থী না দিয়ে জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল। আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন সোলায়মান আলম শেঠ।
নৌকার কোনো প্রার্থী না থাকলেও আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম ‘কেটলি’ এবং নগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী ‘ফুলকপি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এই আসনে এবার ১০ জন প্রার্থী থাকলে ৭ জানুয়ারির ভোটে মূলত লড়াই হয় এই দুই প্রার্থীর মধ্যেই, যেখানে আবদুচ ছালাম ৭৮ হাজার ২৬৬ ভোট পেয়ে জয়ী হন।
যা হয়েছিল সেদিন
পুলিশ ও র্যাবের কর্মকর্তা বলছেন, ভোটের দিন চান্দগাঁও এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে, সেরকম কোনো পূর্বধারণা তাদের ছিল না। তাই ওই এলাকায় নিরাপত্তাও স্বাভাবিক।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে মৌলভী পুকুরপাড়ের বিভিন্ন অলিগলি থেকে লোকজন বের হয়ে মূল সড়কে এসে যানবাহন ভাঙচুর করে এবং পুলিশের দিকে ঢিল ছোড়ে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য আহত হলে একপর্যায়ে তারা পিছু হটে।
ভোটের আগের দিন রাতেও ব্যাপক বোমার শব্দ শোনার কথা জানিয়েছেন বাসিন্দারা।
এক পর্যায়ে দুপুরের দিকে চান্দগাঁও আল হিকমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে হামলা চালানো হয়। এরপর থেমে থেমে এ সংঘর্ষ সন্ধ্যা পর্যন্ত চলে।
পেছনে দুই প্রার্থীর দ্বন্দ্ব?
নির্বাচনে পরাজিত প্রার্থী বিজয় কুমার চৌধুরীর অভিযোগ, জয়ী প্রার্থী (আবদুচ ছালাম) ভোটে প্রভাব বিস্তার করতে বিএনপিকর্মীদের ব্যবহার করেছে, যাতে সাধারণ ভোটাররা কেন্দ্রে না যায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েক মাস ধরে বিএনপি অবরোধ, হরতালের মত কর্মসূচি পালন করলেও তারা রাস্তায় নামেনি। দলীয় কার্যালয় কেন্দ্রীক তাদের কার্যক্রম ছিল। কিন্তু হঠাৎ ভোটের দিন বিএনপি কর্মীরা কেন সংঘর্ষে নেতৃত্ব দিল?
“আবদুচ ছালামের পক্ষে প্রচারে অংশ নেওয়ায় বিএনপির এক নেতাকে বহিষ্কারও করা হয়েছিল। তারা (ছালাম) বিএনপিকে ব্যবহার করেছে। দেশের কোথাও কোনো গণ্ডগোল হয়নি। কিন্তু এখানে কেন হয়েছে?”
নিজ এলাকায় জনপ্রিয়তা হারানোর কারণেই আবদুচ ছালাম এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ বিজয়ের।
সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের বাড়ি চান্দগাঁও মোহরা এলাকায়, আর বিজয়ের বাড়ি বোয়ালখালী উপজেলায়। দুই জনই নিজেদের এলাকাকে ‘ভোট ব্যাংক’ ধরে নিয়ে নির্বাচনে নেমেছিলেন।
তাদের মধ্যে বিজয় চৌধুরীকে সমর্থন দিয়েছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিপরীতে আবদুচ ছালাম পেয়েছিলেন নাছির বিরোধী অংশের সমর্থন।
জয়ী প্রার্থী আবদুচ ছালামের প্রধান নির্বাচনী সমন্বয়কারী তার ছোট ভাই সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রতিপক্ষ বলেছে ভোটের দিন আমরা সন্ত্রাসের রাজত্ব করেছি, জোর করে ভোট নিয়েছি। পরাজিত প্রার্থী এসব বলবে, এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি।”
সাবেক যুবলীগ নেতা সৈয়দ নুরুল ইসলাম মনে করেন, দিনভর এ সংঘর্ষের কারণে অনেকেই ভোট দিতে আসতে পারেননি। যার কারণে তার বড় ভাই যত ভোটের ব্যবধানে জয়ী হওয়ার কথা ছিল, তত ভোট পাননি।
কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ নুরুল ইসলাম বলেন, “আমরা অনেক বেশি ভোটে জয়ী হওয়ার আশা করেছিলাম। কিন্তু এত ভোটতো আমরা পাইনি। চান্দগাঁওসহ পাঁচটি ওয়ার্ডে আমরা জিতেছি ৪০ হাজার ভোটে। সে মার্জিনতো এক লাখ হওয়ার কথা ছিল।”
“আমার প্রশ্নটা হল- সারা দেশে কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি। চান্দগাঁওতে ছোট একটা জায়গায় দিনভর সংঘর্ষ হয়েছে। এত গোয়েন্দা সংস্থা থাকার পরও তারা কেন জানতে পারল না? নির্বাচনে ১৯ দিন বোয়ালখালীতে ছিলাম, আমাকে কেউ কোনো কটূকথাও বলেনি। কিন্তু নিজ এলাকায় আমার গাড়িতে বোমা হামলা হয়েছে। বিষয়টা নিয়ে আমি থানায় অভিযোগ করেছি।”
তিনি বলেন, “আমাদের ভোট কমানোর জন্য প্রতিপক্ষ এটা করতে পারে, আবার বিএনপি-জামায়াত চক্রও করতে পারে। আমি চাই গোয়েন্দা সংস্থা এবং পুলিশ এটা তদন্ত করে বের করুক। আমি যদি নির্দিষ্ট কোনো পক্ষকে দায়ী করি তাহলে মূল পরিকল্পনাকারীরা পার পেয়ে যেতে পারে।”
এ বিষয়ে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোটের দিন চট্টগ্রামের কোথাও তেমন কিছু ঘটেনি। চান্দগাঁওতে ঘটেছে, স্বাভাবিকভাবেই আমরা অবাক হয়েছি। এটা আমাদের ধারণাই ছিল না।
“নির্বাচন বানচালের জন্য এটা হয়েছে নাকি অন্য কারো মদদ আছে, প্রকৃত ঘটনা কী, সেটা আমরা খতিয়ে দেখছি।”
পুলিশ জানায়, বহদ্দারহাট থেকে মৌলভীপুকুর পাড় হয়ে সিঅ্যান্ডবি পর্যন্ত এলাকায় মোট আটটি ভোট কেন্দ্র ছিল। যেগুলোতে মোট ভোটার সংখ্যা প্রায় ৩০ হাজার।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, ভোটের দিন ভাংচুর ও সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়ার ঘটনায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনা নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী ৩০০ রাউন্ড গুলি করেছে।
“শুধু পাঠানিয়া গোদা ও মৌলভীপুকুর পাড় শরাফত উল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় সাতটি কেন্দ্র, যাতে অন্তত ২০ হাজার ভোটার। সংঘর্ষকারীদের ধারণা ছিল তারা এ এলাকা জুড়ে আনরেস্ট তৈরি করতে পারলে শহরের দিক থেকে ভোটার মোহরার দিকে যাবে না। সেদিকে যেতে না পারলে ভোটের কাস্টিং কম হবে।”
ওসি জানান, আশপাশের বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে সংঘর্ষে স্থানীয় যুবদল- ছাত্রদলের কর্মীরা অংশ নিয়েছিল। ফুটেজে যাদের ছবি দেখা যাচ্ছে এবং তদন্তে যাদের নাম আসছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।
সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় ১৫ নম্বর আসামি করা হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহকে।
এরশাদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের ঘটনা ঘটানো আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত ছিল না বা কাউকে কোনো নির্দেশনাও দেয়া হয়নি। আমাদের কর্মসূচি ছিল লিফলেট বিতরণ করে সাধারণ মানুষকে বোঝানো যাতে তারা কেন্দ্রে না যায়।”
এ বিএনপি নেতার দাবি, তাদের কোনো নেতাই এ সংঘর্ষের বিষয়ে জানতেন না। এমনকি তিনিও ঘটনা শুনেছেন সংঘর্ষ শুরুর দুই ঘন্টা পর।
এরশাদ উল্লাহ বলেন, “আমাদের সংসদীয় এলাকায় শতাধিক কেন্দ্র আছে। শুধু তিনটি কেন্দ্রের সামনে এ ধরনের ঘটনা ঘটেছে। আমরা কেন এ ধরনের ‘হঠকারী’ সিদ্ধান্তে যাব?”
এ বিএনপি নেতা মনে করেন, এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা হয়েছে আওয়ামী লীগের দুই প্রার্থীর নিজেদের মধ্যে। তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ ছিল বলেই কোনো একটি পক্ষ এটি ঘটিয়েছে।
এরশাদ উল্লাহর অভিযোগ পুলিশের মামলায় নিরাপরাধ কিছু লোককে আসামি করা হয়েছে।
“আমাদের পেট্রোল পাম্পের (শরাফত উল্যাহ পেট্রোল পাম্প) ম্যানেজার ঘটনার দিন ছুটিতে তার বাড়িতে ছিল। মামলায় তাকেও আসামি করা হয়েছে। পাম্পের জায়গায় পুলিশ, বিজিবি, র্যাবের গাড়ি ছিল, সেখানে অবস্থান করছিলেন পাম্পের ক্যাশিয়ার। সেটা পুলিশও দেখেছে কিন্তু তাকেও মামলায় আসামি করা হয়েছে।”
আমি রাজনৈতিক কর্মী হিসেবে আমাকে আসামি করা হতে পারে কিন্তু নিরাপরাধ লোকজনকে আসামি করে ‘গায়েবি’ মামলা করা মানে সংঘর্ষে ইন্ধনদাতাদের আড়াল করা।
তবে কী বিএনপির সাবেক কাউন্সিলররা?
চট্টগ্রাম-৮ আসনের নির্বাচন নিয়ে বিভক্ত ছিল স্থানীয় আওয়ামী লীগ। এ আসনে ২০০৮ সাল থেকে টানা তিনবার জয়ী হন মহাজোটের প্রার্থী জাসদ নেতা মঈনুদ্দীন খান বাদল। তার মৃত্যুতে এ আসনের সংসদ সদস্য হয়েছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ।
পরে মোসলেম উদ্দিনের মৃত্যুতে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী করে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদকে। জাতীয় নির্বাচনের সাত মাস আগের উপ-নির্বাচনে তিনি জয়ী হন। এবার নির্বাচনে আওয়ামী লীগ তাকে প্রথমে মনোনয়ন দিলেও পরে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয়।
চট্টগ্রামের রাজনীতিতে সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত নোমান আল মাহমুদও এবারের নির্বাচনে নাছিরের মতই বিজয় কুমার চৌধুরীর পক্ষে ছিলেন।
স্থানীয় অনেকের ধারণা, চান্দগাঁও-মোহরা এলাকার বিএনপির সাবেক কয়েকজন কাউন্সিলরের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সাথে সুসম্পর্ক আছে। আবার বিজয় কুমার চৌধুরীও এক সময় ছিলেন ওয়ার্ড কাউন্সিলর। যার কারণে সাবেক সহকর্মী এসব কাউন্সিলরের সঙ্গে বিজয়ের সম্পর্ক আছে। তাদের কর্মী সমর্থকদের দিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়ে ছালামের নিজ এলাকা চন্দগাঁও-মোহরাতে ভোটার কমিয়ে রাখতে পারলে আর বিপরীতে বোয়ালখালী অংশে ভোট বেশি হলে সেটা জয়-পরাজয়ে কারণে হতে পারে।
ঘটনার দিন দায়িত্বে থাকা একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, যে এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটা নিয়ে একটি পক্ষের কোনো মাথা ব্যাথা ছিল না। অনেকেই পুলিশ কর্মকর্তাদের বারবার ফোন করে অন্য এলাকার কয়েকটি কেন্দ্রের বিষয়ে অভিযোগ জানাচ্ছিল।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং ভোটাররা যাতে কেন্দ্রে না আসে সেজন্য একটা পক্ষ এটা করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
“সংঘর্ষের ঘটনায় আমাদের হাতে অনেক ফুটেজ এসেছে। সেগুলো দেখে দোষীদের ধরা হচ্ছে। কী কারণে এ ধরনের ঘটনা ঘটেছে সেটা তদন্তে বের হয়ে আসবে।”
