চট্টগ্রামে ডেঙ্গুতে ২ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় নতুন ১৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার দুপুরে ও বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় এই দুই শিশু মারা যায়।
এদের মধ্যে লাবিব নামের ছেলে শিশুটি বয়স ছিল ৭ মাস। সীতাকুণ্ডের বাসিন্দা লাবিব চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যায়।
জাহিদ নামের অন্য শিশুটির বয়স ছিল সাড়ে পাঁচ বছর। তার পরিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে চমেক হাসপাতালে জাহিদ মারা যায়।
এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ২১ জনই শিশু। ১৮ জন নারী এবং ১৩ জন পুরুষ।
চলতি অগাস্ট মাসে এখন পর্যন্ত চট্টগ্রাম জেলায় ২৭ জন মারা গেছে। যা ২০২০ সালে জেলার ডেঙ্গু তথ্য সংরক্ষণ শুরুর পর থেকে কোনো এক মাসে সর্বোচ্চ সংখ্যক। এর আগে গত জুলাই মাসে ডেঙ্গুতে ১৬ জন মারা গিযেছিল।
শনিবারের প্রতিবেদন অনুসারে জেলায় আগের ২৪ ঘণ্টায় নতুন ১৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মাসে জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হলো ২ হাজার ৪৪১ জন। যা গত জুলাই মাসের শনাক্তের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
এখন পর্যন্ত চলতি বছর জেলায় ৫ হাজার ২১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ৩ হাজার ৫৯১ জন নগরীর বাসিন্দা। বাকি ১ হাজার ৬২৬ জন উপজেলাগুলোর বাসিন্দা। যারমধ্যে সীতাকুণ্ড উপজেলায় সর্বোচ্চ ৬৫৩ জন শনাক্ত হয়েছে।
শনিবার চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলো। এর মধ্যে সবচেয়ে বেশি ১৩০ জন আছে চমেক হাসপাতালে।
