২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রোরেল নয়, বিদ্যমান আঞ্চলিক রেলপথের সংস্কার দাবি চট্টগ্রাম ফোরামের

“এই চট্টগ্রামে সার্ভে না করে ফ্লাইওভার করেছে- মানুষের মনের খবর না নিয়ে…এসব নিয়ে কথা বললে আমাদের উন্নয়ন বিরোধী তকমা দেওয়া হয়,” বলেন সিকান্দার খান।

মেট্রোরেল নয়, বিদ্যমান আঞ্চলিক রেলপথের সংস্কার দাবি চট্টগ্রাম ফোরামের

বক্তব্য রাখছেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি প্রফেসর মু. সিকান্দার খান। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 07:47 PM

Updated : 17 Jun 2023, 07:47 PM

চট্টগ্রামে মেট্রোরেলের মতো ব্যয়বহুল প্রকল্প গ্রহণ না করে বিদ্যমান আঞ্চলিক রেলপথ সংস্কার করে যাত্রী সেবা নিশ্চিতের দাবি জানিয়েছে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম।

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘বন্দর নগরী সচল রাখতে পরিবহন খাতে সুচিন্তিত বিনিয়োগ: রেল ব্যবস্থার অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক এক অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।

ফোরামের সভাপতি প্রফেসর মু. সিকান্দার খান বলেন, “আগে দক্ষিণ চট্টগ্রামের লোকজন ট্রেনে নগরীতে আসত। বিভিন্ন পেশার মানুষ। তখন জীবন যাত্রা ট্রেন নির্ভর ছিল। পরে আস্তে আস্তে ট্রেন অসময়ে আসতে শুরু করে। শিডিউল বিপর্যয় করেই রেল যোগাযোগকে বসিয়ে দেওয়া হয়।

“এই চট্টগ্রামে সার্ভে না করে ফ্লাইওভার করেছে- মানুষের মনের খবর না নিয়ে। কিছু বলতে গেলে বলে, ‘উন্নয়ন বিরোধী’। ফ্লাইওভার সিম্বল অব উন্নয়ন, এ উন্নয়ন আমরা চাই না। এসব নিয়ে কথা বললে আমাদের উন্নয়ন বিরোধী তকমা দেওয়া হয়।”

মু. সিকান্দার খান বলেন, “ফ্লাইওভারের যন্ত্রণায় আমরা ভুগছি। ফ্লাইওভারে ল্যান্ডিং পয়েন্টগুলোতে যানজট হচ্ছে। পরিকল্পনা না করে যেখানে ল্যান্ডিং দিয়েছে, সেখানে আমরা নামতে পারি না। অথচ ফ্লাইওভারের পক্ষে যেসব সুবিধাভোগীরা কথা বলেছে- তারা নিজেদের লাভের জন্য করিয়েছে, সেসব সুবিধাভোগীরা আড়ালে রয়েছে গেছে।

“আমরা ব্যবহারকারীরা এর সুফল পাচ্ছি না। তাই আবারও বলছি, আমরা মেট্রোরেল চাই না। আমরা চট্টগ্রামের পটিয়া দোহাজারী, নাজিরহাটসহ নগরীর যেসব এলাকায় রেলপথ রয়েছে এবং পতেঙ্গা পর্যন্ত যাতে রেলপথ নিয়ে যাওয়া হয়-এমন উদ্যোগ গ্রহণের দাবি করছি। যেহেতু ব্রিটিশ আমলে করা রেললাইনগুলো এখনো বিদ্যমান, তাই এখন কিছু সম্প্রসারণ এবং সংস্কার করে অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য গণপরিবহন ব্যবস্থা চালু করা যেতে পারে।”

ফোরামের সদস্য স্থপতি শাহীনুল ইসলাম খান গণপরিবহন হিসেবে বিদ্যমান আঞ্চলিক রেল যোগাযোগের সম্ভবনা নিয়ে একটি প্রস্তাব তুলে ধরে বলেন, “ব্রিটিশ আমলে চট্টগ্রামের সীতাকুণ্ড, পটিয়া, নাজিরহাট, হাটহাজারী এসব এলাকার ৩৩ শতাংশ লোকজন ট্রেনে যাতায়াত করত। তবে অবহেলার কারণে সেই পরিমাণ এখন শূন্য দশমিক ১৪ শতাংশে নেমে এসেছে।

“বিশ্বব্যাপী সাশ্রয়ী ও সহজ গণপরিবহন ব্যবস্থা হিসেবে ট্রেনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। চট্টগ্রাম নগরীর সঙ্গে আশপাশের উপজেলায় আগে থেকেই রেলের অবকাঠামো নির্মিত রয়েছে, যার ফলে রেলনির্ভর গণপরিবহন ব্যবস্থা চালুর সুযোগ এখনো বিদ্যমান। এ প্রেক্ষাপটে আমরা মনে করি মেট্রোরেলের সমান্তরালে কমিউটার ট্রেন চলাচল ব্যবস্থা গ্রহণ করা যায়।”

Image

গণপরিবহন হিসেবে বিদ্যমান আঞ্চলিক রেল যোগাযোগের সম্ভবনা নিয়ে একটি প্রস্তাব তুলে ধরেন ফোরামের সদস্য স্থপতি শাহীনুল ইসলাম খান। 

সিডিএ’র সাবেক কর্মকর্তা শাহীনুল ইসলাম খান বলেন, “চট্টগ্রাম থেকে দোহাজারী, পটিয়া এবং সিমেন্ট ক্রসিং, নাজিরহাটসহ যেসব এলাকায় রেললাইন রয়েছে তা ব্রিটিশ আমলে সক্রিয় ছিল। এসব রেলপথকে সংস্কার করে শহরতলীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থার পুনরায় প্রবর্তন করলে চট্টগ্রামে একটি জনবান্ধব, অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য এবং সাম্যভিত্তিক গণপরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে।

“এই বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু শহরের কেন্দ্রস্থলের সঙ্গে রেললাইনের মাধ্যমে প্রায় সকল গ্রোথ সেন্টার সংযুক্ত আছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্টপেজ অবকাঠামো আছে, শুধু সংস্কারের জন্য কিছু অর্থের প্রয়োজন হবে। দুই এক জায়গায় নতুন লাইন সম্প্রসারণের প্রয়োজন হতে পারে।”

প্রস্তাব তুলে ধরতে গিয়ে শাহীনুল ইসলাম খান বলেন, “প্রতি রুটে শুধু একটি ট্রেনে ৬টি বগির মাধ্যমে ৩ থেকে ৫ কিলোমিটার দুরত্বে স্টপেজ দিয়ে কমিউটার ট্রেন চালু করা যায়। ২০ থেকে ৩০ সেকেন্ডের জন্য প্রতি স্টপেজে থামবে।

“তাহলে একটি ট্রেন নিয়ে সারাদিন শহর এলাকায় আসা লোকজন তাদের প্রয়োজন ও চাকরি শেষে আবার স্বল্প খরচে, অল্প সময়ের মধ্যেই বাড়িতেই ফিরতে পারবে। এর ফলে নগরীতে অতিরিক্ত আবাসন চাহিদাও হ্রাস পাবে।”

ফোরামের সহসভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, “সরকার রেল খাতকে উন্নয়ন করতে মনোযোগী। আমাদের পরামর্শ হল পতেঙ্গা পর্যন্ত রেললাইন নিয়ে যাওয়া হোক। তাহলে বিমানবন্দরমুখী যাত্রী এবং তাদের স্বজনেরা দ্রুত এ পরিবহনে যাতায়াত করতে পারবে। শহরে যে যানজট নিরসন হবে।

“তবে উপযুক্ত সার্ভিস না দিলে আঞ্চলিক ট্রেন যোগাযোগ ব্যবস্থা করেও সম্ভব না। যাত্রী উঠবে না। তাই যাত্রীসেবার মান উন্নত হতে হবে।”

Image

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের  সহসভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া। 

ফোরামের সাধারণ সম্পাদক স্থপতি জেরিনা হোসেন বলেন, “চট্টগ্রামে যানজট নিরসনের সমাধান হিসেবে ফ্লাইওভার নির্মাণ হয়েছে, কিন্তু প্রধান সড়কে যানজট সমাধান মেলেনি। মেট্রোরেল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

“কিন্তু নগরীর আয়তন ও জনসংখ্যা অনুযায়ী এ ধরনের ব্যয়বহুল প্রকল্পের বিকল্প নিয়ে ভাবা প্রয়োজন ছিল। বিকল্প হিসেবে রেল নিয়ে নীতি-নির্ধারক মহলে কোনো আলোচনা হয়নি। অংশীজনের মতামত নেওয়া হয়নি।”

শাহরিয়ার খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা ড. শফিক হায়দার চৌধুরী, কো-চেয়ারম্যান প্রকৌশলী এবিএম বাসেত, বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক ও যুগ্ম সম্পাদক তাসলিমা মুন।