২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে এক মাস সময় নিল চট্টগ্রাম সিটি

যাদের স্থায়ী করা সম্ভব হবে না তাদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 09:02 PM

Updated : 01 Aug 2023, 09:02 PM

চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের মধ্যে থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে স্থায়ীকরণে আগামী এক মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশ্বাস মিলেছে। 

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এই আশ্বাস দেন। 

পাশাপাশি যাদের স্থায়ী করা সম্ভব হবে না তাদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি। 

২০২১ সালের সেপ্টেম্বর থেকে স্থায়ী চাকরির দাবিতে আন্দোলন করছেন সিটি করপোরেশনের অস্থায়ী শ্রমিক-কর্মচারীরা। 

সবশেষ গত ২৩ জুলাই থেকে তারা ১০ দফা দাবি আদায়ে আন্দোলনে নামেন। এর অংশ হিসেবে তারা গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিও পালন করেন গত কয়েকদিন।

সিসিসিতে বর্তমানে কর্মরত শ্রমিক-কর্মচারীর সংখ্যা ৮ হাজার ৮০৩ জন। তাদের মধ্যে স্থায়ী ২ হাজার ৭৭০ জন। সবশেষ অনুমোদিত জনবল কাঠামো অনুসারে স্থায়ী পদ মোট ৪ হাজার ২২৬টি। সে অনুসারে খালি আছে ১ হাজার ৪৫৭টি শূন্য পদ। এর বিপরীতে অস্থায়ী হিসেবে কর্মরত আছেন ৬ হাজার ৩৩ জন। 

এই প্রেক্ষাপটে মঙ্গলবার সিসিসির বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে এ বিষয়ে সভা আহ্বান করেন প্রধান নির্বাহী কর্মকর্তা। সভার বিষয়ে জানতে পেরে বেলা ১১টায় অস্থায়ী শ্রমিক-কর্মচারীরা নগরীর টাইগারপাস এলাকায় অস্থায়ী নগর ভবনের মূল ফটকে জড়ো হন। 

জাতীয় শ্রমিক কর্মচারী লীগ চট্টগ্রাম সিটি করপোরেশনের নেতাদের নেতৃত্বে এসময় আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা স্লোগান দিতে থাকেন। 

এর মধ্যেই সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী নগর ভবনে আসেন। 

আন্দোলনের বিষয়ে ‘চট্টগ্রাম সিটি করপোরেশন অস্থায়ী কর্মচারী-কর্মকর্তা পরিষদ’ এর সদস্য সচিব সাজু মহাজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাকরি স্থায়ীকরণসহ ১০ দফা দাবিতে আমরা সাক্ষর সংগ্রহসহ বিভিন্ন কর্মসূচি পালন করছি গত কয়েকদিন যাবত। 

“এর প্রেক্ষিতে আজ বিভাগীয় প্রধানদের সাথে সভায় বসেন প্রধান নির্বাহী কর্মকর্তা। সভার সিদ্ধান্ত জানতে শ্রমিক কর্মচারীরা জড়ো হয়েছিলেন।” 

সাজু মহাজন বলেন, “জনবল কাঠামো অনুসারে শূন্য পদে অস্থায়ীদের স্থায়ী করতে মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া হয়েছিল। সেই অনুসারেই স্থায়ী করণের দাবি জানাচ্ছি আমরা। 

“স্থায়ীকরণের জন্য মন্ত্রণালয় থেকে যে ছাড়পত্র দেয়া হয়েছিল সেটার মেয়াদও ৩০ জুন শেষ হয়ে যায়। তাই বাধ্য হয়ে আমরা কর্মসূচি দিয়েছিলাম।”

জাতীয় শ্রমিক কর্মচারী লীগ চট্টগ্রাম সিটি করপোরেশনের সভাপতি ফরিদ আহমেদ বলেন, “আগামী এক মাসের মধ্যে স্থায়ীকরণের কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা।” 

সভা শেষে নগর ভবনের মূল ফটকে এসে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের উদ্দেশ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. তৌহিদুল ইসলাম বলেন, “আমরা স্বীকার করছি, আপনাদের এই সমস্যার সমাধান আরো আগে হওয়া উচিত ছিল। বিভিন্ন কারণে আমরা এগুলো সমাধান করতে পারিনি। এখন যেটা আমি আপনাদের বলেছি, আপনারা কর্তৃপক্ষকে এক মাসের সময় দেন। এর মধ্যে আপনারা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন।

পুরনো খবর:

চট্টগ্রাম সিটি: চাকরি স্থায়ী করার দাবি অস্থায়ী কর্মীদের, মেয়রের আশ্বাস

“আমাদের মনে রাখতে হবে, এই মুহূর্তে করপোরেশনে অস্থায়ী কর্মচারী অনেক। আমরা যে পরিমাণ মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছি, তার থেকে বেশি আপনারা সিটি করপোরেশনে সেবা দিচ্ছেন। মাননীয় মেয়র মহোদয় আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে বলেছেন। যারা স্থায়ীকরণ প্রক্রিয়ার মধ্যে পড়বে না, তাদের বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মাননীয় মেয়র মহোদয় আপনাদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করবেন।” 

এসময় প্যানেল মেয়র গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন। 

জানতে চাইলে সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা নিয়ে আমরা কাজ করছি। একটু অপেক্ষা করতে হবে। অনুমোদিত জনবল কাঠামো অনুসারে স্থায়ী করা হবে। মন্ত্রণালয়ের ছাড়পত্রের মেয়াদ আমরা অনুরোধ করে বাড়িয়ে নিয়েছি।”