২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাহকের অর্থ আত্মসাৎ: চট্টগ্রাম জিপিওর পাঁচ কর্মীর বিচার শুরু

শুরুতে ৪৫ লাখ টাকা আত্মসাতের বিষয়টি জানা গেলেও পরে দুদকের তদন্তে ২৯ কোটির বেশি টাকা আত্মসাতের বিষয়টি উঠে আসে

গ্রাহকের অর্থ আত্মসাৎ: চট্টগ্রাম জিপিওর পাঁচ কর্মীর বিচার শুরু

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 09:35 PM

Updated : 09 Jan 2023, 11:30 PM

চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসে গ্রাহকের ২৯ কোটি টাকা আত্মসাতের মামলায় পাঁচ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক জেবুন্নিসা সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর নির্দেশ দেন।

অভিযোগ গঠনের পর এ মামলার তিন আসামি পোস্টাল অপারেটর মো. জয়নাল আবেদীন, পোস্টাল অপারেটর মো. কবির আহমেদ (৪৫) ও পোস্টাল অপারেটর মো. হাসানকে (৪৭) কারাগারে পাঠানো হয়।

এ মামলার অন্য দুই আসামি চট্টগ্রাম জিপিও’র সঞ্চয় শাখার তৎকালীন সহকারী পোস্ট মাস্টার নূর মোহাম্মদ (৫৪) ও পোস্টাল অপারেটর সরওয়ার আলম খান (৫৩) উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন আসামি আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

পুরনো খবর:

অর্থ আত্মসাত: চট্টগ্রাম জিপিওর দুই কর্মীকে পুলিশে সোপর্দ

“মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম পরিচালিত হবে বিভাগীয় বিশেষ জজ আদালতে। তাই মামলা সেখানে স্থানান্তরের আদেশ দিয়েছেন বিচারক।”

আইনজীবী লাভলু বলেন, শুরুতে ৪৫ লাখ টাকা আত্মসাতের বিষয়টি জানা গেলেও পরে দুদকের তদন্তে প্রায় ২৯ কোটি ৪ লাখ টাকা আত্মসাতের বিষয়টি উঠে আসে। অভিযোগপত্রে এই পরিমাণ টাকা আত্মসাতের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

২০২০ সালে দায়ের করা এই মামলায় গ্রাহকের ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছিল। তখন মামলায় নুর মোহাম্মদ ও সারোয়ার আলম খানকে আসামি করা হয়।

২০২০ সালের অগাস্টে চট্টগ্রাম জিপিওর সঞ্চয় বিভাগে আকস্মিক অডিটে ওই দুইজনের অর্থ আত্মসাতের প্রমাণ পায় ডাক বিভাগের অভ্যন্তরীণ অডিট দল। তখনই দুজনকে নগরীর কোতোয়ালী থানার সোপর্দ করা হয়।

এরপর ২০২০ সালের ২১ অক্টোবর মামলাটি করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম মোড়ল।

দুদকের তদন্তের দেখা যায় ২০১৮ সালের ২১ জানুয়ারি থেকে ২০২০ সালের ২৬ অগাস্ট সময়ে ৯টি সঞ্চয়ী হিসাব ও একটি মেয়াদী হিসাব থেকে মোট ২৯ কোটি ৩ লাখ ৯২ হাজার ৩০০ টাকা অবৈধভাবে উত্তোলন করা হয়েছে।

তদন্তে ওঠে আসে, জিপিও’র পাঁচ কর্মকর্তা-কর্মচারী গ্রাহকদের অর্থ সঠিক হিসাবের পরিবর্তে ভুয়া নাম-ঠিকানা ও ছবি দিয়ে করা হিসাবে জমার পর তা তুলে নিয়েছেন।

তদন্ত শেষে গত ৭ অগাস্ট তাদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়।