আওয়ামী লীগে ‘রুচির দুর্ভিক্ষ’ দেখছেন বিএনপির নোমান
“তারা দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, যাত্রাশিল্পী, আমলা ও দলছুট রাজনীতিকদের ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য করে জাতীয় সংসদকে কলঙ্কিত করেছে।”
আওয়ামী লীগে ‘রুচির দুর্ভিক্ষ’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
বুধবার চট্টগ্রামের পাহাড়তলীতে জাতীয়তাবাদী মোটরচালক দল আয়োজিত এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা বলেন, “আওয়ামী লীগের মধ্যে এখন রুচির দুর্ভিক্ষ বিরাজ করছে। যার কারণে তারা একদিকে মানুষের ভোটাধিকার হরণ করেছে, অন্যদিকে দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, যাত্রাশিল্পী, আমলা ও দলছুট রাজনীতিকদের ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য করে জাতীয় সংসদকে কলঙ্কিত করেছে।”
জাতীয় সংসদ ‘আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে’ পরিণত করেছে বলেও মনে করেন নোমান। তিনি বলেন, “আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। রাজনীতির চেয়ে তাদের কাছে এখন রাষ্ট্রীয় ক্ষমতা, দুর্নীতি ও ভোগ বিলাস মুখ্য হয়ে দাঁড়িয়েছে।”
দেশের গণতন্ত্র ‘লুট হয়ে গেছে’, ভোটাধিকার ও বাকস্বাধীনতা নেই দাবি করে সরকার পতনের একদফা আন্দোলনের জন্য দলের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বানও জানান এই বিএনপি নেতা। তিনি বলেন, “আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর পেছনে তাকানোর সুযোগ নেই।
“এই সরকারের কোনো অন্যায় ও অত্যাচার আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না, যেখানে বাধা আসবে সেখানে লড়াই হবে এবং এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে।”
আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনায় প্রধান বক্তা হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর, মোটর চালক দলের কেন্দ্রীয় সভাপতি সেলিম রেজা বাবু, সাধারণ সম্পাদক শীপন বকাউল।
