চট্টগ্রামে দিনমজুরকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড
দণ্ডিত মো. হোসেন (২৬) চট্টগ্রাম জেলার স্ন্দ্বীপ উপজেলার রহমতপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
ছয় বছর আগে হালিশহরে দিনমজুর হত্যামামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
বুধবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এই রায় দেয়।
দণ্ডিত মো. হোসেন (২৬) চট্টগ্রাম জেলার স্ন্দ্বীপ উপজেলার রহমতপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
আদালতের অতিরিক্ত পিপি দীর্ঘতম বড়ুয়া দীঘু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩০২ ধারায় আসামিকে মৃত্যুদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
“পাশাপাশি দণ্ডবিধির ৩৮০ ধারায় ৩ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন। আসামি মো. হোসেন জামিনে গিয়ে পলাতক হয়েছেন।”
মামলার নথি থেকে জানা যায়, সন্দ্বীপের সন্তোষপুর গ্রামের বদিউল আলমের ছেলে মাকসুদুর রহমান মাকসুদ (২৬) চাকরির সন্ধানে ২০১৭ সালের জানুয়ারিতে চট্টগ্রাম শহরে আসেন।
নগরীর হালিশহর এলাকার বি-ব্লকের ২ নম্বর রোডে একটি বাসার সামনের কক্ষ ভাড়া নিয়ে মাকসুদ থাকতেন। ওই বাসায় আসামি হোসেনসহ মোট ৭ জন থাকতেন। মাকসুদ দিনমজুরের কাজ করতেন।
২০১৭ সালের ১২ মার্চ মাকসুদ ও আসামি হোসেনসহ চারজন স্থানীয় চায়ের দোকানে চা পান করতে গেলে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটি এক পর্যায়ে হোসেনকে মারধর করেন মাকসুদ।
মারধরের কথা ওই এলাকার এক ‘বড় ভাই’ ফরহাদের কানে যায়৷ কিছুক্ষণ পর মাকসুদ ও হোসেন ফরহাদের দোকানে গেলে মীমাংসার চেষ্টা করা হয়। সেখানেও মাকসুদ এক পর্যায়ে হোসেনের শার্টের কলার চেপে ধরেন।
পরে দু’জনই বাসায় চলে যান। রাত ৩টার দিকে কক্ষে ঢুকে মাকদুসকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন নিয়ে চলে যান হোসেন। মাকসুদের চিৎকারে অন্যরা এতে তাকে নগরীর ফইল্লাতলি বাজারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে পরদিন সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাকসুদের মৃত্যু হয়।
এ ঘটনায় মাকসুদের ভাই মো. রিপন বাদি হয়ে নগরীর হালিশহর থানায় মো. হোসেনকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলায় অভিযোগপত্র দেয়া হয় ২০১৭ সালের ৩০ এপ্রিল। ওই বছরের ১১ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
মামলায় ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত রায় দেয়।
