নিখোঁজের দুদিন পর কিশোরের লাশ মিলল কর্ণফুলীতে
চট্টগ্রামের চকবাজার থানায় মঙ্গলবার জিডি করেছিল তার বাবা।
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে অভয়মিত্র ঘাট এলাকা থেকে অদ্রিপ অহন সায়ান নামের ১৪ বছর বয়সী ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়।
সায়ান নগরীর হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুরে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করা হয়। তার গায়ে মহসিন স্কুলের লোগো সংবলিত সাদা শার্ট ছিল।
লাশ উদ্ধারের খবর পেয়ে সায়ানের বাবা থানায় এসে লাশ শনাক্ত করে উল্লেখ করে ওসি জানান, সায়ানের নিখোঁজের পর তার বাবা চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।
চকবাজার থানায় করা সাধারণ ডায়েরিতে সায়ান ২৯ অগাস্ট বেলা দেড়টার দিকে চকবাজার কলেজ রোড এলাকা থেকে নিখোঁজ হয় বলে উল্লেখ করা হয়।
মৃতদেহের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই জানিয়ে ওসি একরাম বলেন, মঙ্গলবার স্কুল থেকে বাসায় ফেরেনি সায়ান।
“পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, পড়ালেখার জন্য তাকে বকা দেওয়া হয়েছিল।”
