চট্টগ্রামে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, নতুন রোগী ১১৩
চলতি বছর চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে মারা যাওয়া ২৬ জনের মধ্যে শিশু ১৪ জন। নারী ৬ জন এবং পুরুষ ৬ জন।
চট্টগ্রামে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চলতি বছর মোট ২৬ জনের মৃত্যু হল।
মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ১১৩ জনের।
প্রতিবেদনে জানানো হয়, সোমবার আলম-আরা বেগম (৪৫) নামের এক নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান।
চলতি বছর চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে মারা যাওয়া ২৬ জনের মধ্যে শিশু ১৪ জন। নারী ৬ জন এবং পুরুষ ৬ জন।
চট্টগ্রামে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে ২ হাজার ৮৮৬ জনের। এরমধ্যে জুলাই মাসে শনাক্ত হয়েছে ২ হাজার ৩১১ জন। যা ২০২০ সাল থেকে এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ সংখ্যক।
চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২ হাজার ৮৮ জন নগরীর বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। এরমধ্যে সীতাকুণ্ড উপজেলায় সর্বোচ্চ ৩৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
জুলাই মাসের শেষ দিক থেকে প্রায় প্রতিদিনই একশ’র বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। এরমধ্যে ২২ জুলাই আগের ২৪ ঘণ্টার প্রতিবেদনে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ১৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়।
