২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃগী রোগে ঝাড়ফুঁক নয়, হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান

‘আন্তর্জাতিক মৃগী রোগ দিবস’ উপলক্ষে সেমিনার ও শোভাযাত্রা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজে

মৃগী রোগে ঝাড়ফুঁক নয়, হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান

ছবি: বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2023, 08:34 PM

Updated : 13 Feb 2023, 08:34 PM

মৃগী রোগ নিরাময়ে বৈদ্য-কবিরাজদের ঝাড়ফুঁকের মতো অপচিকিৎসার আশ্রয় না নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) নতুন কনফারেন্স হলে ‘আন্তর্জাতিক মৃগী রোগ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ আহ্বান জানান।

সেমিনারে ‘মৃগী রোগের প্রচলিত ধারণা এবং বাস্তবতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান। তিনি বলেন, “মৃগী রোগের চিকিৎসায় ঝাড়ফুঁক নয়, অন্য সাধারণ রোগের মতো সঠিক চিকিৎসায় মৃগী রোগীও সম্পূর্ণ সুস্থ হতে পারে।

“তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মৃগী রোগের উপসর্গ অন্য কোনো রোগের উপসর্গ হিসেবেও দেখা দিতে পারে। তাই পরিবারের কারও মৃগী রোগের উপসর্গ দেখা দিলে বৈদ্য কিংবা কবিরাজের অপচিকিৎসা না নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে।”

ডা. হাসানুজ্জামান বলেন, “মৃগী রোগ নিয়ে সমাজে অনেক কুসংস্কার প্রচলিত আছে। কেবল রোগের ইতিহাস ও খিঁচুনির ভিডিও দেখে কোনো ব্যয়বহুল পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই এই রোগ নির্ণয় করা সম্ভব। ৯০ শতাংশ রোগী ওষুধ খেয়ে ভালো থাকে।

“৬০ থেকে ৭০ শতাংশ রোগীর ক্ষেত্রে ২ থেকে ৫ বছর ওষুধ খেয়ে রোগমুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এছাড়া মৃগীরোগে আক্রান্ত নারীরা গর্ভধারণের আগে ও গর্ভকালীন সময়ে নিউরোলজি বিশেষজ্ঞের পরামর্শে নিয়মিত ওষুধ সেবন করে সুস্থ থাকতে পারবে এবং সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবে।”

চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. পীযুষ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, চমেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনোয়ার উল হক শামীম, নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহিতুল ইসলাম, ডা. প্রদীপ কুমার কায়স্থগীর, ডা. পঞ্চানন দাশ ও ডা. শিউলি মজুমদার।

উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা. মাহবুবুল আলম খন্দকার, ডা. মসিহুজ্জামান আলফা, ডা. তৌহিদুর রহমান, ডা. মো. আনোয়ারুল কিবরিয়া, ডা. জামান আহম্মদ, ডা. মোহাম্মদ সালাহ্উদ্দীন ও কনসালটেন্ট ডা. সীমান্ত ওয়াদ্দাদার প্রমুখ।

সেমিনার শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চমেক হাসপাতালের আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে নিউরোলজি বিভাগের সামনে গিয়ে শেষ হয়।