২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি নিয়ে দিনে ড্রাইভিং প্রশিক্ষণ, রাতে ছিনতাই

চট্টগ্রামের টাইগার পাস ও মোহরা থেকে ছিনতাইয়ে জড়িত অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাড়ি নিয়ে দিনে ড্রাইভিং প্রশিক্ষণ, রাতে ছিনতাই

ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2023, 07:50 PM

Updated : 10 Jan 2023, 07:50 PM

দিনের বেলায় যে গাড়ি দিয়ে গাড়ি চালনা বা ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হত, বিকাল গড়াতেই তা হয়ে উঠত ছিনাতাইকারীদের বাহন। গাড়ির নম্বর প্লেট বদলে চলত ছিনতাই। এভাবেই মাসখানেক চলার পর পুলিশের হাতে ধরা পড়েছে পাঁচ জন, আরেকজন পালিয়েছে অটোরিকশাসহ।

সোমবার রাতে চট্টগ্রামের নগরীর টাইগার পাস ও মোহরা এলাকা থেকে ছিনতাইয়ে জড়িত অভিযোগে ধারালো অস্ত্র ও ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেট কারসহ এই পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ছিনতাই করা মোবাইল ফোন সেট, ব্যাগ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার পাঁচ জন হলেন- দেলোয়ার হোসেন (২১), সাজ্জাদ হোসেন (২৪), মো. ফরহাদ ওরফে দিদার (২৪), আসিফ হোসেন (২১) ও মাহফুজুর রহমান ওরফে আদনান (২১)।

পুলিশ জানায়, গত এক মাস ধরে প্রাইভেট কার নিয়ে একটি দল নগরীর আকবর শাহ, হালিশহর, ডবলমুরিংসহ বিভিন্ন এলাকায় ছিনতাই করেছে বলে অভিযোগ পান তারা। সেগুলো খতিয়ে দেখতে গিয়ে এই ছিনতাইকারী চক্রের সন্ধান পাওয়া যায়। এরা ছিনতাই করে প্রাইভেট কারের নম্বর প্লেট পাল্টে ফেলতেন।

অভিযানে অংশগ্রহণকারী চট্টগ্রাম কোতোয়ালী থানার উপপরিদর্শ (এসআই) মো. মোমিনুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “গ্রেপ্তার ব্যক্তিরা প্রতিদিন বিকাল থেকে পরদিন ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা নিয়ে ছিনতাই করত। পথচারী কিংবা রিকশাযাত্রী পেলেই তাদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নিত।”

Image

ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তিনি জানান, “সোমবার সন্ধ্যায় টাইগার পাস এলাকা থেকে প্রাইভেট কারসহ দেলোয়ার, সাজ্জাদ, দিদার ও আসিফকে আটক করা হয়। পরে তাদের কারটি তল্লাশি করে ধারালো অস্ত্র, একটি ট্রাভেল ব্যাগ ও একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

“উদ্ধার করা মোবাইল নম্বরে ফোন করে জানা যায়, কয়েকদিন আগে সেটি এক ব্যক্তির কাছ থেকে হালিশহর এলাকায় ছিনতাই করা হয়েছিল। পরে তাদের দেয়া তথ্যে মোহরা এলাকা থেকে আদনানকে গ্রেপ্তার করা হলেও একটি সিএনজি অটোরিকশাসহ অন্য একজন পালিয়ে যায়।”

এসআই মোমিনুল জানান, “যে গাড়িটি উদ্ধার করা হয়েছে সেটির মালিক গ্রেপ্তার আসিফ। তিনি দিনের বেলায় গাড়িটি দিয়ে ড্রাইভিং শেখাতেন। আর বিকালের পর ছিনতাইয়ের কাজে গাড়িটি ব্যবহার করতেন।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ পুলিশকে জানিয়েছে, প্রতিদিন দুই হাজার টাকার বিনিময়ে গাড়িটি ছিনতাইয়ের কাজে ভাড়া দিতেন। আবার ছিনতাইয়ের পর গাড়ি চালানোর কাজ হিসেবে ভাগের একটি অংশ পেতেন।

“গত এক মাস ধরে তারা প্রতিদিন বিকালের পর নগরীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ছিনতাই করতেন। একটি ছিনতাই করেই তারা গাড়ির নম্বর প্লেট পাল্টে ফেলতেন। আবার কোন কোন সময় নম্বর প্লেটে আলাদা সংখ্যা লাগিয়ে নম্বর পরিবর্তন করে ফেলতেন।”