২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল

জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে, জেলায় বর্তমানে ১৯৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 08:32 PM

Updated : 11 Jul 2023, 08:31 PM

চট্টগ্রাম জেলায় চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। এর মধ্যে চলতি মাসের প্রথম ১০ দিনেই সাড়ে ৫০০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৭৪ জন।

এদের নিয়ে চলতি মাসের প্রথম ১০ দিনে রোগী শনাক্ত হয়েছে ৫৪৯ জন। আর এ বছর মোট রোগী শনাক্ত হয়েছে ১০১৪ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৩ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে, জেলায় বর্তমানে ১৯৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে।

এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯ জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৮ জন চিকিৎসা নিচ্ছে। বাকি ১৪১ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে।

শনাক্ত বাড়ার পর মশা নিধনে নানা ‍উদ্যোগ নিলেও জনসচেতনতায় জোর দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

মঙ্গলবার সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগ ‘মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থাপনার নিশ্চিতকরণ ও ডেঙ্গু চিকিৎসা সুবিধা সহজীকরণ এবং সম্প্রসারণের লক্ষ্যে’ এক মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় সভাপতির বক্তব্যে মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, “জরিমানার মতো শাস্তিমূলক পদক্ষেপের চেয়ে জনসচেতনতায় জোর দিচ্ছি আমি। ড্রোন দিয়ে ছাদে পানি দেখলে বাড়ির মালিকদের সতর্ক করে দেয়া হচ্ছে।

“তবে, যাদের ছাদে খুব বেশিদিন পানি জমে আছে কেবল তাদের জরিমানা করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে ১০০ দিনের ক্রাশ প্রোগ্রাম চলমান আছে। করোনা যেভাবে মোকাবিলা করেছি, সন্ধ্যার মধ্যে যেভাবে কোরবানির বর্জ্য পরিষ্কার করেছি, সেভাবে সবাইকে নিয়ে ডেঙ্গুও প্রতিরোধ করব।”

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিসিসির ড্রোন ব্যবহার নিয়ে চলমান সমালোচনার মধ্যে এ বিষয়ে মেয়র রেজাউল বলেন, “প্রযুক্তির ব্যবহারে মশার আবাসস্থল নির্ধারণ সহজ হচ্ছে। ড্রোনের কারণে প্রতিটি বাড়িতে সিড়ি বেয়ে ছাদে উঠতে হচ্ছে না৷ খুব অল্প সময়েই অনেকগুলো বাড়ির ছাদে মশা জন্মানোর মতো পানি আছে কী না তা খুঁজে বের করা যাচ্ছে৷

“এ সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে মশার আবাসস্থল নির্ধারণে এ ধরনের প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। পাশাপাশি মশা নিধনে ঔষধ ক্রয় ও প্রয়োগেও বিশেষজ্ঞ মতামত ও প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে।”

সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, “জলবায়ু পরিবর্তনের সাথে সাথে মশার জীবনপদ্ধতি বদলে যাচ্ছে, তাই মশা নিধনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। বেসরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ব্যবস্থা করা উচিত।”

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, “চট্টগ্রামের সবগুলো স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকে ডেঙ্গুর জন্য বিশেষায়িত সেবা চালু করা দরকার।”

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার বলেন, “জ্বর দেখা দিলে ব্যথানাশক ঔষধ খেলে ডেঙ্গু আরো মারাত্মক রূপ ধারণ করে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ খাওয়া যাবেনা।”

আতঙ্কিত না হয়ে ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে পরীক্ষা করার পরামর্শ দিয়ে সিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, বিনামূল্যের ডেঙ্গু পরীক্ষায় ৬০ জনের পরীক্ষা করে ৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিসির গৃহীত কার্যক্রম তুলে ধরে সভায় প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম জানান, মশক নিধনে স্প্রেম্যান সংখ্যা ২২০ জন থেকে বাড়িয়ে ৪০০ জনে উন্নীত করা হয়েছে।

সিসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্মাণাধীন বাড়ির নীচতলা ও ছাদ, ছাদবাগান কিংবা কোন বাড়ি বা প্রতিষ্ঠানের পরিত্যক্ত স্থানে পানি জমে থাকায় ৫ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত চারটি মোবাইল কোর্টের মাধ্যমে ১৯ জনকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।