২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পথ হারানো ৩ পর্যটককে উদ্ধার করল ফায়ার সার্ভিস

সোনালী ব্যাংকের এই কর্মকর্তারা পথ খুঁজে না পেয়ে সহায়তা চান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2023, 11:58 PM

Updated : 13 Oct 2023, 11:57 PM

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কে বেড়াতে গিয়ে পথ হারানো তিন পর্যটককে উদ্ধার করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার বিকালে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সংস্থাটির উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক।

উদ্ধার হওয়া তিন পর্যটক হলেন- জামাল উদ্দিন (৩৪), সঞ্জয় বণিক (৩৫) ও মো. আলাউদ্দিন (৩৬)।

তারা নোয়াখালী থেকে বেড়াতে চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনে এসেছিলেন। তারা রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের কর্মকর্তা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন সহকর্মী মিলে সীতাকুণ্ড ইকোপার্কে বেড়াতে এসেছিলেন। পার্কে ঘুরতে ঘুরতে তারা গহীনে চলে যায় এবং পথ হারিয়ে ফেলে। 

"উদ্ধার হওয়া তিন পর্যটক ফায়ার সার্ভিসকে জানিয়েছে প্রায় তিন ঘণ্টা পার্কের ভেতর ঘুরে পথ খুঁজে না পেয়ে উদ্ধার করার জন্য টেলিফোনে ফায়ার সার্ভিসের সহায়তা চায়।"

ফায়ার সার্ভিস সীতাকুণ্ড স্টেশনের রেসকিউ টিম পার্কে গিয়ে গুগল ম্যাপে তাদের অবস্থান শনাক্ত করে সাইরেন বাজিয়ে তাদের উদ্ধার করে আনে।

উদ্ধারের পর ফায়ার সার্ভিস কর্মীরা তাদের হোটেলে পৌঁছে দেন বলে জানান উপ-সহকারী পরিচালক রাজ্জাক।