চট্টগ্রামে এইডিস মশা নিয়ে জরিপ শুরু রোববার
গত ২৩ দিনে বন্দর নগরীতে ডেঙ্গুতে ৯ জন মারা গেছে।
ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বাড়ার পর চট্টগ্রামে এইডিস মশার জরিপ শুরু হচ্ছে।
রোববার থেকে স্থানীয়ভাবে এই জরিপের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যার দ্রুত বৃদ্ধিকে ‘আশঙ্কাজনক’ উল্লেখ করে বৃহস্পতিবার চিঠি দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, আইইডিসিআরের পরিচালক ও সিটি মেয়রকে।
জানতে চাইলে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবসময় আমরা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে জানিয়ে রাখি। দাপ্তরিকভাবে বর্তমান পরিস্থিতিটি চিঠির মাধ্যমে জানিয়েছি।”
চিঠিতে বলা হয়, “সাম্প্রতিক কালে বর্ষা মৌসুম শুরুর সাথে সাথে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় এইডিস মশা বাহিত ডেঙ্গু রোগ ও রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা গত বছরের তুলনায় অত্যন্ত আশঙ্কাজনক।”
চলতি মাসের প্রথম ৫ দিনে জেলায় ১৯৭ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হওয়া এবং এই সময়ে তিনজনের মৃত্যুর বিষয়টি চিঠিতে উল্লেখ করা হয়।
পরিস্থিতি জানিয়ে সিটি মেয়রকে দেওয়া চিঠিতে ‘জনসচেতনতা বৃদ্ধি ও মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণের’ অনুরোধ করা হয়েছে। অন্য দুই চিঠিতে ‘প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের’ অনুরোধ জানানো হয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, “প্রতি বছর জরিপ কাজ সাধারণত আইইডিসিআর থেকে এসে করে। এবার এখনো আসেনি। আমাদের কীটতত্ত্ববিদ কাজ শুরু করবেন।
“নমুনা সংগ্রহ করে জরিপ কাজ শেষ করতে আগামী সপ্তাহ হবে। এরমধ্যে আইইডিসিআর এর কেউ যদি আসেন সেটা আপনাদের জানাব।”
জরিপ না থাকায় নগরী ও জেলার কোথায় কোথায় ডেঙ্গুর প্রকোপ বেশি এ সংক্রান্ত কোনো তথ্য আপাতত নেই বলে জানান সিভিল সার্জন।
গত মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। ১৪ জুন থেকে শেষ ২৩ দিনে ডেঙ্গুতে ৯ জন মারা গেছে চট্টগ্রামে। এর বাইরে আরও তিনজনের মৃত্যু হয়েছে চলতি বছরেই। প্রাণ হারানোদের মধ্যে ছয় জন শিশু, চারজন পুরুষ ও দু’জন নারী।
২০২২ সালের শেষ চার মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ডায়রিয়া এবং কাশির মত উপসর্গও দেখা গিয়েছিল। পাশাপাশি রক্তের অনুচক্রিকা খুব দ্রুত কমে যাওয়া এবং তা বেশিদিন ধরে কমই থাকার প্রবণতা ছিল।
জ্বর, ব্যথা, গায়ে র্যাশ ওঠা, রক্তচাপ কম থাকা ও ফুসফুসে পানি আসা ডেঙ্গুর সাধারণ উপসর্গ।
চলতি বছর আক্রান্তদের বিষয়ে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য থেকে জানা যায়, ডেঙ্গুতে মৃতদের মধ্যে বেশিরভাগ হাসপাতালে ভর্তির এক থেকে তিনদিনের মধ্যে মারা গেছেন।
জানতে চাইলে চট্টগ্রাম জেলার কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদাওছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতি বছর কেন্দ্রীয়ভাবে স্বাস্থ্য অধিদপ্তরের দলের সাথে আমরা মশক জরিপের কাজ করে থাকি। এবার এখনও তা হয়নি। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মহোদয় নির্দেশনা দিয়েছেন, রবিবার থেকে আমরা সার্ভের কাজ শুরু করব।
“নগরীর কোথায় কোথায় ‘হটস্পট’ এবং কোথায় মশার ঘনত্ব কত তা জরিপ শেষে জানা যাবে। বহদ্দারহাট থেকে জরিপের কাজ শুরু হবে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যেসব এলাকার বাসিন্দা মারা গেছেন সেখানেও জরিপ করা হবে।”
চলতি বছর বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬৮৭ জন। আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৪৭৮ জন এবং উপজেলা গুলোর বাসিন্দা ২০৯ জন। আক্রান্তদের মধ্যে ৩৫৪ জন পুরুষ, ১৭২ জন মহিলা ও ১৬১ জন শিশু।
উপজেলার মধ্যে সীতাকুণ্ডে সর্বোচ্চ ৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে ৮ জন নগরীর ও একজন সীতাকুণ্ডের বাসিন্দা।
অন্য দু’জন কক্সবাজার ও একজন খাগড়াছড়ির বাসিন্দা। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
