২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিপণী বিতানে চুরি, মালামাল বিক্রি করতে ঢাকায় গিয়ে ধরা

চুরির ঘটনায় মোট তিন জন জড়িত ছিল। তিন জনই ওই মার্কেটের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সোলায়মান বাদশা (৫৬) নামে আরও একজনকে গত সোমবার গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রামে বিপণী বিতানে চুরি, মালামাল বিক্রি করতে ঢাকায় গিয়ে ধরা

গ্রেপ্তার শুভ দত্ত ওরফে রিপন দাশ ও মনির হোসেন

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2023, 06:19 PM

Updated : 27 Dec 2023, 08:06 PM

চট্টগ্রামের একটি বিপনী বিতানে চুরি করে পালিয়ে যাওয়া দুই জনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঢাকার আব্দুল্লাহপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তাররা হলেন- শুভ দত্ত ওরফে রিপন দাশ (২৪) ও মনির হোসেন (২৫)। 

তারা ‘ডি ৪ এস’ নামে একটি সিকিউরিটি প্রতিষ্ঠানের কর্মী। বহদ্দারহাট এলাকার ‘ইলিজি স্কাই পার্ক’ নামের বিপণী কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে সেখানে এই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীরাই কাজ করতেন। 

পুলিশ জানায়, চুরির ঘটনায় মোট তিন জন জড়িত ছিল। তিন জনই ওই মার্কেটের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সোলায়মান বাদশা (৫৬) নামে আরও একজনকে গত সোমবার গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৫ ডিসেম্বর ইলিজি স্কাই পার্ক কর্তৃপক্ষ অভিযোগ করে, গত ২৩ ডিসেম্বর রাত থেকে ২৫ ডিসেম্বর ভোরের মধ্যে অ্যাপেল ক্লাসিক, কে এস মোবাইল অ্যান্ড গ্যাজেড ক্লাব-ভিভো শোরুম, ও স্কাই জুয়েলার্স নামের তিনটি দোকানের শার্টার ভেঙ্গে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। 

এর মধ্যে অ্যাপেল ক্লাসিক দোকান থেকে ২৩টি, কে এস মোবাইল নামের দোকানটি থেকে ৩০টি মোবাইল ফোন, স্কাই জুয়েলার্স থেকে ২৪ ভরি ১৫ আনা ওজনের স্বর্ণালঙ্কার ও ২৫০ ভরি রূপা চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানগুলোর মালিকরা। 

Image

সিসি ক্যামেরায় ধরা পড়ে নিরাপত্তাকর্মীদের চুরির দৃশ্য।

এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা করা হয়। 

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ পেয়েই পুলিশ তদন্ত করে মার্কেটের সিসি ক্যামেরা মুখ ঘোরানো দেখতে পায় এবং মার্কেটের নিরাপত্তায় দায়িত্বরতদের সন্দেহ করা হয়।

“পুলিশ ওই দিন মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকা সোলায়মান বাদশা ও শুভ দত্ত ওরফে রিপন দাশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। সোলায়মানকে পাওয়া গেলেও শুভকে পাওয়া যায়নি। সোলায়মানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে চুরির বিষয়ে কিছু তথ্য দেয় এবং নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে।” 

ওসি জানান, রোববার মার্কেটে সাপ্তাহিক ছুটি ছিল। ওই দিন গভীর রাতে মার্কেটে চুরি হয়। সেদিন মার্কেটের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সোলায়মান ও শুভ। মনির নিরাপত্তাপ্রহরী হলেও ঘটনার দিন তার দায়িত্ব ছিল না। 

পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বলেন, “রাত পৌনে ১টার দিকে মনির মার্কেটে আসে। পরিকল্পনা অনুযায়ী তিন জন মিলে ষষ্ঠ তলার দুইটি মোবাইল ফোনের দোকান ও তৃতীয় তলার স্বর্ণের দোকানে চুরি করে পরদিন সকাল সাড়ে ৬টার দিকে মালামাল নিয়ে মার্কেট থেকে বের হয়।

Image

সিসি ক্যামেরায় ধরা পড়ে নিরাপত্তাকর্মীদের চুরির দৃশ্য।

“শুভ ও মনির মালামাল নিয়ে চলে গেলেও সোলায়মান মার্কেটে ছিল এবং তার কাজের পালা শেষ করে বাসায় ফেরে।” 

ওসি বলেন, বিভিন্নভাবে খবরা খবর নিয়ে পাঁচলাইশ থানা পুলিশের একটি দল ওইদিনই ঢাকা চলে যায়। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে আব্দুল্লাহপুর এলাকা থেকে শুভ ও মনিরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি করা ৫৩টি মোবাইল সেট ও ৭৭ ভরি রূপা উদ্ধার করা হয়েছে।

দুই জনকে গ্রেপ্তার ও মালামাল ‍উদ্ধারের পর স্কাই জুয়েলার্সের মালিক উত্তম কর্মকার পুলিশকে জানান, তিনি ২৪ ভরি স্বর্ণালঙ্কার ও ২৫০ ভরি রূপা চুরির দাবি করলেও কার্যত সে পরিমাণ চুরি হয়নি। 

তিনি বলেন, চুরির পর তিনি দোকানের স্টক মিলিয়ে জানতে পেরেছেন কোনো স্বর্ণ চুরি হয়নি, আর চুরি হওয়া রূপার পরিমাণ ৭৭ ভরি। 

ওসি সন্তোষ চাকমা জানান, চুরি শেষে ২৫ ডিসেম্বর সকালে শুভ এবং মনির মালামালগুলো বিক্রি করতে ঢাকায় চলে যান। আব্দুল্লাহপুর এলাকায় গিয়ে একটি বাসা ভাড়া করেন। কোনো মালামাল বিক্রির আগেই পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে। 

ভুয়া নাম ঠিকানা দিয়ে চাকরি নিয়েছেন শুভ

ওসি সন্তোষ চাকমা জানান, নিরাপত্তাকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ডি ৪ এস’ এ শুভ দত্ত ভুয়া নামঠিকানা ব্যবহার করে চাকরি নিয়েছিলেন। 

Image

চুরির ঘটনায় জড়িত এই তিন নিরাপত্তাকর্মীর মধ্যে সোলায়মান বাদশাকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। 

“রিপন দাশ যে নামটি ব্যবহার করে শুভ চাকরি নিয়েছিলেন সেটি মূলত তার খালাত ভাইয়ের নাম। এমনকি সে বান্দরবান পৌরসভা এলাকার তার খালার ঠিকানা ব্যবহার করেছিল।” 

ওসি বলেন, শুভ চাকরি নেয়ার সময় জাতীয় পরিচয়পত্র না দিয়ে রিপন দাশ নামে একটি জন্মসনদ প্রতিষ্ঠানে জমা দিয়েছিলেন, সেটিও ছিল ভুয়া। চুরির ঘটনায় তার সন্ধানে বান্দরবানে খোঁজ নিয়ে ভুয়া নামঠিকানা ব্যবহার করে চাকরি নেয়ার তথ্যটি সামনে আসে।

‘ডি ৪ এস’র সিকিউরিটি সুপারভাইজার মো. জামিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিপন দাশ চাকরি নেয়ার সময় হাতে লেখা এবং অনলাইন দুই ধরনের জন্মনিবন্ধন কপি জমা দিয়েছিলেন। পরে জানতে পেরেছি তার অনলাইন কপিটি কম্পিউটারে এডিট করা ছিল।” 

তার ভাষ্য, এ চুরির ঘটনায় তারা আসামি ধরতে পুলিশকে সহায়তা করেছেন জানিয়ে তিনি বলেন, “সোলায়মান বাদশা নামে যাকে প্রথম পুলিশ গ্রেপ্তার করেছে বাসা থেকে তাকে আমরা ডেকে এনে পুলিশের হাতে দিয়েছি।” 

অনলাইন জুয়ায় আসক্ত মনির 

গ্রেপ্তারদের তথ্যের বরাত দিয়ে ওসি সন্তোষ চাকমা জানান, মনির অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। খাগড়াছড়ির গুইমারা এলাকার বাসিন্দা এই যুবক এলাকায় বিভিন্নজনের কাছ থেকে টাকা ধার করে চট্টগ্রাম চলে এসেছিলেন। 

মূলত তার লোভের কারণেই চুরির ঘটনা ঘটেছে বলে গ্রেপ্তারদের ভাষ্য।