২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে চুরি করা শিশু কুমিল্লায় উদ্ধার, পথ দেখায় পুরনো মামলা

পুলিশ জানিয়েছে, আগের সংসারে দুই সন্তান থাকার পরও বর্তমান সংসারে সন্তান না থাকায় শিশুটিকে চুরি করেন হোসনা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 05:36 PM

Updated : 01 Aug 2023, 05:36 PM

চট্টগ্রাম থেকে চুরি করা তিন বছরের এক শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। তারা হলেন- হোসনা আক্তার (৪০) ও তার স্বামী মো. রুবেল (২৫)। 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চরপাড়া এলাকা থেকে সোমবার গভীর রাতে এ শিশুকে উদ্ধার করে পুলিশ। 

গ্রেপ্তার হোসনা নগরীর একটি পোশাক কারখানায় আর রুবেল বিভিন্ন বাসে সহকারীর কাজ করতেন। 

পুলিশ জানিয়েছে, আগের সংসারে দুই সন্তান থাকার পরও বর্তমান সংসারে সন্তান না থাকায় শিশুটিকে চুরি করেন হোসনা। 

নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) মাঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে পাহাড়তলী নোয়াপাড়া এলাকা থেকে তিন বছর বয়সী এক কন্যাশিশু হারানোর অভিযোগ নিয়ে আসেন এক দম্পতি। এ ঘটনায় সাধারণ ডায়েরি হওয়ার পর পুলিশ তদন্তে নামে। 

তিনি বলেন, “যে শিশুটিকে চুরি করা হয়েছিল তার বাবা রিকশাচালক আর মা পোশাক কারখানায় কাজ করেন। তাদের আরও তিনটি সন্তান আছে। বাবা-মা কাজে গেলে বাসায় চার সন্তান একসাথে থাকত।

“সাধারণ ডায়েরির সূত্র ধরে ওই এলাকার আশপাশে সিসি ক্যামেরা থেকে সংগ্রহ ফুটেজে এক নারীকে শিশুটি কোলে করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। কিন্তু ওই নারীকে নিখোঁজ শিশুর বাবা-মা চেনেন না।” 

পুলিশ কর্মকর্তা মাঈনুর বলেন, ওই নারী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করে এমন তথ্য পাওয়া গেলেও সেখানে গিয়ে দেখা যায়, তিনি যেসব কাগজপত্র জমা দিয়েছেন সেগুলো ভুয়া। এরপর ওই নারীর বাসায় গিয়ে তালাবদ্ধ পাওয়া যায়। পরে তার স্বামীর নাম রুবেল বলে জানতে পারে পুলিশ। 

পুরানো মামলার সূত্র ধরে সন্ধান 

মাঈনুর রহমান জানান, রুবেলের নাম জানার পর পুলিশ বিভিন্নভাবে খোঁজ শুরু করে। এক পর্যায়ে চৌদ্দগ্রাম থানায় রুবেলের বিরুদ্ধে দুইটি মারামারির মামলার হদিস পাওয়া যায়। যার একটি মামলা হয়েছিল গতবছর। 

ওই মামলার সূত্র ধরে বাদির মাধ্যমে রুবেলের বাড়ির ঠিকানার খোঁজ পায় পুলিশ। পরে সোমবার গভীর রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। 

“শিশুটিকে চুরি করে হোসনা ও রুবেল চট্টগ্রাম ছেড়ে চৌদ্দগ্রামের চরপাড়া এলাকায় রুবেলের বাড়িতে চলে যায়। গ্রেপ্তার হোসনা, রুবেল এবং চুরি যাওয়া শিশুর বাবা-মা সবার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। কিন্তু কেউ কাউকে চেনেন না,” বলেন সহকারী কমিশনার মাঈনুর। 

পুলিশ জানিয়েছে, হোসনার বাবার বাড়ি চৌদ্দগ্রাম হলেও তারা থাকতেন রংপুরে। সেখানে তার একটি বিয়ে হয়েছিল। সে ঘরে দুইটি সন্তানও আছে। স্বামীর সাথে ছাড়াছাড়ি করে চট্টগ্রাম এসে পোশাক কারখানায় কাজ নেন এবং তার চেয়ে বয়সে ছোট রুবেলকে বিয়ে নতুন করে সংসার পাতেন।

হোসনা পুলিশকে জানিয়েছেন, তার আগের ঘরে দুই সন্তান আছে। তারা থাকে রংপুরে আগের স্বামীর কাছে। রুবেলের সঙ্গে আট বছর আগে বিয়ে হলেও তাদের কোনো সন্তান নেই। 

“যার কারণে সে এ শিশুকে চুরি করে নিজের সন্তান হিসেবে রাখতে চেয়েছিল বলে পুলিশকে জানিয়েছে,” বলেন সহকারী কমিশনার মাঈনুর। 

চুরি করা শিশুটির বাবার করা মামলায় দুই জনকে আসামি করা হয়েছে।