লালদিঘী মাঠে শনিবার সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য
ওইদিন বিকাল সোয়া ৫টায় সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ শেষে শনিবার লালদিঘী মাঠে সমাবেশ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, তেল ও গ্যাসের সংকট, সারের সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংকীর্ণ দলীয়করণের কারণে জনগণ দুর্ভোগের মধ্যে রয়েছে।
“একই সঙ্গে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, তারও পূর্ণ বাস্তবায়ন হয়নি। এসব সংকট নিরসন এবং জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্য এ কর্মসূচি গ্রহণ করেছে।”
৫ সেপ্টেম্বরের ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলীয় ঐক্যের লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক কর্মসূচি বর্ণনা করে তিনি বলেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেবেন। লংমার্চের সমাপনী সমাবেশে চট্টগ্রাম মহানগরী ও জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করছি। লংমার্চের সমাপনী কর্মসূচি হিসেবে ওইদিন বিকাল সোয়া ৫টায় লালদিঘী ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হবে।”
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আহছানুল্লাহ ভুঁইয়া, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি এমদাদ উল্লাহ সোহাইল, এনসিপি চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর আমির জিয়াউল হোসাইন, জাগপা চট্টগ্রাম মহানগরীর সভাপতি আবু মোজাফফর মো. আনাস, এলডিপি চট্টগ্রাম মহানগরের সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম, বাংলাদেশ লেবার পার্টির চট্টগ্রাম মহানগরীর সভাপতি আলাউদ্দিন আলী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক জোবায়ের মাহমুদ উপস্থিত ছিলেন।
