Published : 13 May 2026, 09:31 PM
লাইসেন্স ছাড়া সরকারি চাল অবৈধভাবে মজুদ এবং বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করার অভিযোগে সীতাকুণ্ডে একটি খাদ্য গুদাম থেকে ৫৭৮ টন চাল জব্দ করেছে র্যাব।
বুধবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার কদমরসূল এলাকার ‘সালেহ কার্পেট’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া দেওয়া গুদামে অভিযান চালিয়ে এসব চাল মজুদের সঙ্গে জড়িত আবদুল আজিজ নামে একজনকে আটক করা হয়।
র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই গুদামে সরকারি চাল লাইসেন্স ছাড়া অবৈধভাবে মজুদ এবং সাধারণ চাল বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে বিক্রি করা হতো। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল পাওয়া গেছে।
লাইসেন্স ছাড়া মজুদ এবং ভিন্ন মোড়কে বাজারজাতকরণের অপরাধে বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় এসব চাল জব্দ করা হয়। অভিযানে চট্টগ্রামে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন এবং খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।