নতুন বাজেট টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি করবে: চট্টগ্রাম আওয়ামী লীগ
বিবৃতিতে বলা হয়, “এই বাজেটের মূল দর্শন হলো ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ ও উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা।”
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট একটি টেকসই উন্নয়নের ভিত্তিপ্রস্তর তৈরি করে দেবে বলে মনে করেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ নেতারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাজেটকে স্বাগত জানিয়ে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।
বিবৃতিতে বলা হয়, “প্রস্তাবিত বাজেট বাস্তবতা ও বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে ইতিবাচক দিক নির্দেশনা; যাতে আগামী অর্থবছরে ৭.৫০ শতাংশ প্রবৃদ্ধির হার অর্জনের লক্ষ্য রয়েছে এবং যেখানে প্রায় ৬.৫০ শতাংশ মুদ্রাস্ফীতি মোকাবেলার ইতিবাচক পদক্ষেপের ফলক রয়েছে।
“এই বাজেটের মূল দর্শন হলো ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ ও উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা।”
এছাড়াও গত দেড় দশকে বর্তমান সরকার বাংলাদেশের অর্জনের ক্ষেত্রে একটি টেকসই উন্নয়নের ভিত্তিপ্রস্তর তৈরি করে দিয়েছে দাবি করে বিবৃতিতে বলা হয়, “স্মার্ট বাংলাদেশ চারটি মূল স্তম্ভের উপর প্রতিষ্ঠিত হবে। সেগুলো হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনোমি।
“তাই বলা চলে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রথম বাজেট। এবারের প্রস্তাবিত বাজেটে সংগত কারণে স্বাস্থ্য, কৃষি, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে।”
এতে আরো বলা হয়, “কেউ কেউ এই বাজেটকে উচ্চাভিলাষী বলে মন্তব্য করলেও এই বাজেটটি শতভাগ জনবান্ধব এবং গণমানুষের আশা-আকাঙ্ক্ষা ও চাওয়া-পাওয়ার নিরিখে এই বাজেটে একটি গণমুখী ও জনবান্ধব সরকারের ইতিবাচক বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে।”
