২১০ গ্রাম হেরোইনের মামলায় যাবজ্জীবন
আসামি মনির হোসেন ২০১৩ সালে হেরোইনসহ গ্রেপ্তার হলেও পরে জামিন নিয়ে পালিয়ে যান।
প্রায় ১১ বছর আগে হেরোইনসহ গ্রেপ্তার এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা সোমবার এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিত মো. মনির হোসেন (৪৬) চট্টগ্রামের পটিয়া উপজেলার বড় উঠান গ্রামের আব্দুল হামিদের ছেলে। হেরোইনসহ গ্রেপ্তার হলেও পরে তিনি জামিন নিয়ে পালিয়ে যান।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মনির হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।”
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২৩ এপ্রিল সিআরবি রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালের উত্তর পাশে একটি বাংলোর নিচ থেকে আসামি মো. মনির হোসেনকে আটক করে র্যাব।
সে সময় তল্লাশি করে তার পকেট থেকে ২১০ গ্রাম হেরোইন পাওয় যায়। এছাড়া একটি নাইন এম এম পিস্তল এবং দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন জব্দ করা হয়।
বিক্রির জন্য নিজের কাছে হেরোইন রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারায় কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা করেন সে সময় র্যাব-৭ এর ডিএডি মো. মোতালেব মিয়া। তদন্ত শেষে ২০১৩ সালের ৪ জুলাই আদালতে এ মামলায় অভিযোগপত্র জমা দেওয়া হয়।
ওই বছরের ২২ অক্টোবর চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ মামলায় অভিযোগ গঠন করা হয়। ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার মনিরকে দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত।
