বাধা না দিয়ে বিদেশিদের দেখাচ্ছে ‘আমরা কত ভালো’: ফখরুল
“ডিসিরা নির্বাচনে রিটার্নিং অফিসার হয়। সম্প্রতি ৩৪/৩৫ জনকে পোস্টিং দেওয়া হয়েছে। মন্ত্রীদের পিএস-এপিএসদের ডিসি-এডিসি বানাচ্ছে।”
বাধা ছাড়াই বিএনপির সমাবেশ করতে পারার বিষয়টিকে ‘সরকারের কৌশল’ হিসেবে তুলে ধরেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার মতে, সরকার বিদেশিদের দেখাতে চাইছে, তারা ‘কত ভালো’।
রোববার চট্টগ্রামে বিভাগীয় শ্রমিক সমাবেশে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব। নগরের কাজীরদেউরি নসিমন ভবনের সামনে এই সমাবেশে অন্য সহযোগী সংগঠন এবং বিএনপির নেতা-কর্মীরাও অংশ নেন।
গত ১২ জুলাই ঢাকায় সমাবেশ করে সরকার পতনে ‘এক দফা’ আন্দোলন ঘোষণার পর এটিই ফখরুলের প্রথম বড় কোনো জনসভা।
এই সমাবেশে সরকারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরে ফখরুল বলেন, সরকার নতুন ‘ফাঁদ পাতছে’। তারা ‘সাজানো নির্বাচন’ করতে ভোটের আগে আগে প্রশাসনে বড় রদবদল করছে।
বিএনপি ইদানিং নির্বিঘ্নে সমাবেশ করতে পারছে জানিয়ে তিনি বলেন, “নির্বাচনের আগে তারা আমাদের সভা করতে দিচ্ছে। আজকে কোথাও মারধর হয়েছে এমন কোনো খবর পাইনি। নোয়াখালীতে লাকসামে একটু মারধর করেছে, আর কোথাও করে নাই।
“ঢাকায় ১২ জায়গায় মিটিং করলাম, দুই একটা জায়গায় করেছে তবে খুব বেশি মারামারি করে নাই। সারা দুনিয়াকে আওয়ামী লীগ বোঝাতে চায়- ‘দেখ আমি কত ভালো হয়ে গেছি’।
“বিদেশিরা আসছিল… তারা দেখাতে চায় দেখ আমরা কত ভালো। আমরা বিরোধী দলকে সভা করতে দিই, মিটিং করতে দেই তাদের বাধা দেই না।”
আওয়ামী লীগ ‘বক ধার্মিকের মত’ চুপ করে ‘ভদ্র লোক’ সেজে বসে আছে মন্তব্য করে ফখরুল বলেন, “নতুন করে ফাঁদ পাতছে। তারা পরিকল্পনা করছে কীভাবে আবার ক্ষমতা দখল করা যায়।”
বিভিন্ন জেলায় ডিসি পদায়নের মাধ্যমে প্রশাসনকে ‘ঢেলে সাজানো হচ্ছে’ মন্তব্য করে ফখরুল বলেন, “ডিসিরা নির্বাচনে রিটার্নিং অফিসার হয়। সম্প্রতি ৩৪/৩৫ জনকে পোস্টিং দেওয়া হয়েছে। মন্ত্রীদের পিএস-এপিএসদের ডিসি-এডিসি বানাচ্ছে। আরও ইউএনও করা হচ্ছে তাদের পছন্দ মত লোকদের।”
নির্বাচনকে ‘গণতন্ত্রের দরজা’ হিসেবে বর্ণনা করে বিএনপি মহাসচিব বলেন, “আওয়ামী লীগ এ দরজা বন্ধ করে দিয়েছে। নির্বাচন এখন হয় না। মানুষ ভোট দিতে যেতে চায় না।
“এখন মানুষ সবকিছু থেকে বঞ্চিত হয়ে গেছে। একটা দল ক্ষমতাকে কুক্ষিগত করে চিরস্থায়ী হতে চায়। ১৯৭৪ সালে তারা বাকশাল গঠন করেছিল। পার্লামেন্টে ঘোষণা দিয়ে আইন পাস করেছিল। এবার আইন পাস না করে ভেতরে ভেতরে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে গেছে।”
২০১৪ সালে ‘বিনা ভোটে’ এবং ২০১৮ সালে ‘রাতের ভোটে’ সরকার গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তত্ত্বাবধায়ক সরকার করেছিলেন দাবি করে ফখরুল বলেন, “নির্বাচনের সময় যদি নিরপেক্ষ সরকার থাকে তাহলে জনগণ নিজের ইচ্ছায় ভোটটা দিতে পারে।”
“সাধারণ মানুষ পাঁচ বছর ধরে সরকার চালায় না। জনগণ হচ্ছে এ দেশের মালিক, তা হচ্ছে ভোটের দিন। নির্বাচনের দিন সে ভোট দেবে, সে ভোটে প্রতিনিধি নির্বাচিত হবে, পার্লামেন্টে গিয়ে আইন প্রণয়ন করবে, দেশ পরিচালনার জন্য সরকার গঠন করবে।”
‘টানেল করেন, কিন্তু হাসপাতাল কই’
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল উদ্বোধন নিয়েও কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “টানেল হবে কোনো আপত্তি নাই। কিন্তু আমার আপত্তি মানুষ তো ১০ টাকায় চাল থেতে পারছে না। জনগণের সুচিকিৎসার জন্য ১৫ বছরে কোনো হাসপাতাল নির্মাণ হয়নি। স্কুল, কলেজ নির্মাণ হয়নি।”
পাকিস্তান আমলে ‘২২ পরিবার সব লুট করে নিচ্ছে’ স্লোগান দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “এখন ২২ হাজার পরিবার সবাইকে লুট করে নিয়ে যাচ্ছে। আমরা এ অবস্থার পরিবর্তন চাই।”
‘মনোবল টিকিয়ে রাখতে মিথ্যাচার’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সবাইকে আন্দোলনের জন্য তৈরি হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বিদেশিদের সমর্থন সাধারণ মানুষকে উজ্জীবিত করে। এ সমর্থনের মাধ্যমে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। …শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত না করলে সমস্যার সমাধান হবে না।”
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তারা বাংলাদেশে নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন, মানবাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা দেখতে চায়।
“তারা স্পষ্ট বার্তা দিয়ে গেছে। তারা যতবার প্রেসের সঙ্গে কথা বলেছে তারা প্রথম শর্ত দিয়েছে বাংলাদেশে তারা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন চায়। কিন্তু আওয়ামী লীগ নেতারা তাদের কর্মীদের মনোবল টিকিয়ে রাখতে মিথ্যাচার করছে।”
যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে আমির খসরু বলেন, “অন্য কোনো একটা দেশের মন্ত্রী এসে প্রধানমন্ত্রীর অফিসে তার মুখের ওপর সুষ্ঠু নির্বাচনের কথা যখন বলেন, তখন তার তো আত্মহত্যা করা দরকার।”
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলু, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, শিমুল বিশ্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এসএম ফজুল হক, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন এবং স্থানীয় আরও অনেক নেতা বক্তব্য রাখেন।
