Published : 02 Mar 2025, 09:21 PM
চট্টগ্রামে পরোয়ানাভুক্ত এক আসামির তথ্য সংগ্রহ করতে আসা পুলিশের জিজ্ঞাসাবাদে ‘আতঙ্কিত ও অসুস্থ’ হয়ে মারা গেছেন এক মুদি দোকানি।
নগরীর খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকায় রোববার বেলা সাড়ে ৩টার দিকে লাল মিয়া (৬০) নামে ওই দোকানি ‘হৃদরোগে আক্রান্ত হয়ে’ মারা যান বলে পরিবার ও পুলিশের ভাষ্য।
কুসুমবাগের রাজীব ভবনের নিচ তলায় দোকান চালাতেন লাল মিয়া। তার বাড়ি বরিশালে। পরিবার নিয়ে তিনি কুসুমবাগ এলাকাতেই থাকতেন।
লাল মিয়ার দুই ছেলে ও দুই মেয়ে আছে। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে পুলিশের ভাষ্য।
লাল মিয়ার স্ত্রীর ভাইয়ের ছেলে মো. শরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ৩টা-সাড়ে ৩টার দিকে দুইজন পুলিশ একটি মামলার বিষয়ে খোঁজ নিতে দোকানে আসেন এবং তাদের সাথে কথা বলার জন্য উনাকে জোর করেন বলে স্থানীয়দের কাছে শুনেছি।
“আমার ফুফা তখন ভয়ে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে মেডিকেল সেন্টারে (একটি বেসরকারি হাসপাতাল) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডাক্তাররা বলেছেন তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।”
পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ সদস্যরা দোকানে গিয়ে বলেন, ‘লাল মিয়ার’ বিরুদ্ধে মামলা আছে। তারা ওই মামলার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি ‘ভয় পেয়ে অসুস্থ হয়ে’ মারা যান।
খুলশী থানার ওসি মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থানা পুলিশের একটি দল সেখানে ওয়ারেন্টের এক আসামির বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। সেসময় আসামির বিষয়ে তথ্য জানতে চাইলে উনি মাথা ঘুরে পড়ে যান।
“লাল মিয়া বয়স্ক মানুষ এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় হয়ত ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন।”
লাল মিয়ার বিরুদ্ধে খুলশী থানায় কোনো মামলা না থাকার তথ্য দিয়ে ওসি বলেন, “আমরা সাধারণত কোনো মামলায় ওয়ারেন্ট হলে সেটার তদন্ত বা তথ্য সংগ্রহ করি। তার অংশ হিসেবে পুলিশ সেখানে যায়।লাল মিয়ার বিরুদ্ধে ৫ অগাস্ট এর আগে বা পরের সময়ের কোনো মামলা আমাদের থানায় নেই।”
এ বিষয়ে লাল মিয়ার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হবে না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।