জলাবদ্ধতার দুর্ভোগ কাটাতে কাজ করছি: মেয়র রেজাউল
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মেয়র।
জলাবদ্ধতার দুর্ভোগ থেকে চট্টগ্রাম নগরবাসীকে মুক্ত করতে কাজ চলছে বলে জানিয়েছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার নগরীর বহদ্দারহাট হক মার্কেট প্রাঙ্গণে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান।
মেয়র রেজাউল বলেন, “করোনা মহামারীর সময় যেভাবে সবাইকে সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়েছি, সেভাবে এবারও কাউন্সিলরদের সাথে নিয়ে পানিতে গৃহবন্দি হওয়া মানুষদের বাসায় ত্রাণ পৌঁছে দিচ্ছি।
“চট্টগ্রামে গত ৩০ বছরের মধ্যে এবার রেকর্ড সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রত্যেক কাউন্সিলরকে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। তারা জলাবদ্ধতার সংকটে থাকা নাগরিকদের ত্রাণ পৌঁছে দিচ্ছেন।”
জলাবদ্ধতায় ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে তিনি বলেন, “পিচঢালা রাস্তার সবচেয়ে বড় শত্রু জমে থাকা পানি। প্রবল বর্ষণে নগরীর প্রচুর রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তার জরিপ সম্পন্ন করে এক মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরাতে সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে।”
জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান নিয়ে রেজাউল বলেন, “শিগগিরই আমরা চট্টগ্রামের অন্যান্য সংস্থাগুলোর সাথে বসে চট্টগ্রামের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে করণীয় নির্ধারণ করব।”
পরে নগরীর ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক, এম আশরাফুল আলম, নগর যুবলীগ নেতা মোহাম্মদ সোহেল প্রমুখ।
