২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুডু খেলার সময় থাপ্পড়, ‘প্রতিশোধ নিতে খুন’

হত্যার পর আলমগীরের মোবাইল ফোন ও রিকশা নিয়ে চলে যান আরিফ; পরে রিকশার যন্ত্রাংশ আলাদা করে বিক্রি করে দেন ভাঙারির দোকানে, বলছে পুলিশ।

লুডু খেলার সময় থাপ্পড়, ‘প্রতিশোধ নিতে খুন’
গ্রেপ্তার আরিফ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2024, 09:29 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

চট্টগ্রামে মোবাইল ফোনে লুডু খেলার সময় বিতণ্ডা থেকে থাপ্পড়ের প্রতিশোধ নিতে এক রিকশাচালককে হত্যার অভিযোগ উঠেছে আরেক রিকশাচালকের বিরুদ্ধে।

তিন দিন আগের এই ঘটনায় শনিবার রাতে নগরী থেকে একজনকে গ্রেপ্তারের পর হত্যা নিয়ে এমনই তথ্য দিয়েছে বন্দর থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ২৮ বছর বয়সী মো. আরিফের বাড়ি ভোলার তমজুদ্দিন উপজেলায়; বন্দর নগরীর দক্ষিণ মধ্যম হালিশহরে থাকেন তিনি।

গত ৩০ মে বিকালে বন্দর থানার কাস্টমস ব্রিজ সংলগ্ন রাস্তার পাশ থেকে আলমগীর ফকির নামে ৬৫ বছর বয়সী এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার ছেলে বন্দর থানায় একটি হত্যা মামলা করেন।

বন্দর থানার এসআই কিশোর মজুমদার বলেন, আলমগীর পরিবার থেকে আলাদা থাকতেন। গ্রেপ্তার আরিফের সঙ্গে একই গ্যারেজের রিকশা চালাতেন।

“কিছুদিন আগে গ্যারেজে মোবাইলে লুডু খেলার সময় তর্কাতর্কির জেরে আরিফকে থাপ্পড় মারেন আলমগীর। সেই ক্ষোভ থেকে প্রতিশোধ নিতে সঙ্গে নাটবল্টু খোলার একটি রেঞ্জ রাখতেন আরিফ।”

হত্যার বর্ণনায় এসআই কিশোর বলেন, “২৯ মে রাতে আরিফ সল্টগোলা ক্রসিং থেকে ইসহাক ডিপো যাওয়ার জন্য আলমগীরের রিকশায় ওঠেন। কাস্টমস ব্রিজ এলাকায় গেলে রেঞ্জ দিয়ে আলমগীরের মাথায় আঘাত করেন আরিফ।

“এ নিয়ে দুজনের ধস্তাধস্তির এক পর্যায়ে আলমগীরের শরীরের বিভিন্ন জায়গায় রেঞ্জ দিয়ে আঘাত করে রাস্তার পাশে লাশ ফেলে দেন আরিফ।”

বন্দর থানার ওসি মনজুর কাদের মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হত্যার পর আলমগীরকে ফেলে তার মোবাইল ও রিকশা নিয়ে চলে যান আরিফ। পরে রিকশাটির যন্ত্রাংশ আলাদা করে বিক্রি করে দেন ভাঙারির দোকানে।”

ওসি জানান, শনিবার রাতে দক্ষিণ মধ্যম হালিশহর ধুপকুল এলাকার বাসা থেকে আরিফকে গ্রেপ্তার করে আলমগীরের মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে খুলশী থানার সরকার বাহাদুর নগর এলাকার একটি ভাঙারির দোকান থেকে রিকশার যন্ত্রাংশগুলো উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ারের আদালতে আরিফ ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানান ওসি।