২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশা চালকের ‘ধাক্কায়’ আহত পুলিশ সদস্যের মৃত্যু

ব্যাটারিচালিত অটোরিকশা আটক করলে চালক তাকে ‘ধাক্কা দিয়ে’ পালিয়ে যান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2026, 07:59 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা ধরতে গিয়ে ‘চালকের ধাক্কায়’ আহত সেই পুলিশ সদস্য হাসপাতালে মারা গেছেন।

বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস (৫৫) নামের এ কনস্টেবল মারা যান। নগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন তিনি। তিনি ফেনী জেলার স্থায়ী বাসিন্দা। 

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক-পশ্চিম) সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার ছোট ছেলে সৌদি আরবে থাকেন। তিনি শুক্রবার দেশে ফিরবেন। সেদিন দাফনের জন্য আব্দুল কুদ্দুসের মরদেহ ফেনী জেলার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।”

এর আগে শুক্রবার রাতে নগরীর পাহাড়তলী থানার রাসমনি ঘাট এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন আব্দুল কুদ্দুস।

সেদিন পুলিশ কর্মকর্তা সোহেল রানা বলেছিলেন, রাসমনি ঘাট এলাকায় অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশাটি আটক করেন কনস্টেবল কুদ্দুস। সেটি মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে নেওয়ার পথে চালক তাকে ‘ধাক্কা’ দিয়ে রিকশা থেকে ফেলে দেন।

এসময় কনস্টেবল কুদ্দুস ছিটকে পড়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আইসিইউতে ভর্তি করানো হয়। 

স্থানীয় লোকজনের সহায়তায় এসময় ওই অটোরিকশার চালক মো. জলিলকে পুলিশ আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা হয়েছে।

চালকের 'ধাক্কায়' অটোরিকশা থেকে ছিটকে পড়ে কনস্টেবল আহত