১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চালকের ‘ধাক্কায়’ অটোরিকশা থেকে ছিটকে পড়ে কনস্টেবল আহত

তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2026, 05:29 PM

Updated : 11 Sep 2026, 02:27 PM

চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা ধরতে গিয়ে ‘চালকের ধাক্কায়’ এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার রাতে নগরীর পাহাড়তলী থানার রাসমনি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস (৫৫) নগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত আছেন। গুরুতর আহত এ পুলিশ সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। 

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক-পশ্চিম) সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় রাসমনি ঘাট এলাকায় অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশাটি আটক করে কনস্টেবল কুদ্দুস। সেটি মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে নেওয়ার পথে চালক তাকে ‘ধাক্কা’ দিয়ে রিকশা থেকে ফেলে দেয়। 

এসময় কনস্টেবল কুদ্দুস ছিটকে পড়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। 

পুলিশ কর্মকর্তা সোহেল বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় এসময় অটো চালককে পুলিশ আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় একটি মামলা হয়েছে।

আটক অটোরিকশা চালকের নাম মো. জলিল (৩৮) বলে জানান তিনি।