১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহ আমানতে সৌদিফেরত মোয়াল্লেমের কাছে ৫০ লাখ টাকার সোনা

এ ঘটনায় ওই মোয়াল্লেমকে জরিমানা এবং সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ২৪

নিজস্ব প্রতিবেদক ও চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 07:00 PM

Updated : 26 Aug 2026, 12:00 PM

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালিয়ে সৌদিফেরত ওমরা হজের এক মোয়াল্লেমের কাছ থেকে ৫০ লাখ টাকার স্বর্ণালংকার জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই। 

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় ওই মোয়াল্লেমকে জরিমানা এবং সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। 

“যেহেতু তার বিরুদ্ধে আগে কোনো সোনা চোরাচালান বা এ ধরনের রেকর্ড পাওয়া যায়নি। তবে, ভবিষ্যতে পাওয়া গেলে তখন তাকে আটক করা হবে।” 

এনএসআইয়ের বরাত দিয়ে বিমানবন্দরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-১৩৬) জেদ্দা থেকে চট্টগ্রামে পৌঁছান শাহিন আল মামুন নামের ওই ব্যক্তি। 

সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রম করে আন্তর্জাতিক আগমনী ৩ নম্বর ফটক দিয়ে বের হওয়ার সময় ‘গোপন সংবাদের ভিত্তিতে’ এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম তাকে তল্লাশি করে। 

তল্লাশি চালিয়ে তার হাতব্যাগ এবং পকেটে থেকে ১২টি সোনার চুড়ি পান গোয়েন্দারা। এসব স্বর্ণালংকারের ওজন ৪০০ গ্রাম। এগুলো ২২ ক্যারেট মানের; যার বাজারমূল্য ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা। 

শুল্ক আইন আইন অনুযায়ী, একজন যাত্রী পরিহিত বা অপরিহিত অবস্থায় ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার শুল্ক ও কর পরিশোধ ছাড়া আনতে পারেন। 

আর ঘোষণা দিয়ে ১০ তোলা ওজনের স্বর্ণবার শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে আনতে পারেন। এর বেশি আনলে সে সোনা জব্দ করা হয়।