চমেকে এক ‘দালাল’ আটক
এ নিয়ে গত এক সপ্তাহে পাঁচজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
বাইরে থেকে ওষুধ কেনা ও পরীক্ষা করানোসহ বিভিন্নভাবে রোগীর স্বজনদের হয়রানির অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক বহিরাগতকে আটক করেছে পুলিশ।
শুক্রবার হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে মোরশেদ আলমকে (৪০) আটক করা হয়, যে 'দালাল' চক্রের সদস্য বলে পুলিশের দাবি।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোরশেদ গাইনি ওয়ার্ডে ঘোরাঘুরি করে বিভিন্ন রোগীর স্বজনদের বিভ্রান্ত করে, তার নির্দিষ্ট দোকান থেকে ওষুধ কিনতে প্রলুব্ধ করে। পাশাপাশি হাসপাতালে স্বল্প দামে বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা থাকলেও বাইরের ল্যাবে নিয়ে যান। এতে রোগীর স্বজনদের অতিরিক্ত খরচ করতে হয়।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, একটি চক্র আছে যারা ওয়ার্ডে ঘোরাঘুরি করে রোগীর স্বজনদের বিভিন্নভাবে হয়রানি করেন। তাদের বিরুদ্ধে অভিযান চলছে।
এর অংশ হিসেবে গত এক সপ্তাহে মোরশেদসহ পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, চমেক হাসপাতালের সবচেয়ে বেশি দালালের আনাগোনা ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডে। তারা হাসপাতালের বাইরের বিভিন্ন ওষুধের দোকানের ও বেসরকারি ল্যাবের হয়ে কাজ করেন। তাদের লক্ষ্য থাকে বিভিন্ন উপজেলা ও জেলা থেকে আসা রোগীর স্বজনদের। বিভিন্নভাবে ফুসলিয়ে বাইরে থেকে ওষুধ কিনতে ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে প্রলুব্ধ করেন তারা।
