১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ব্যাগ তল্লাশি করে মিলল হাতির দাঁত

গ্রেপ্তার বাবলু কক্সবাজার জেলার পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে বিভিন্ন বন্য প্রাণীর চামড়া, হাতির দাঁত সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে র‌্যাবের ভাষ্য।

ব্যাগ তল্লাশি করে মিলল হাতির দাঁত

জব্দ করা হাতির দাঁত, মোবাইল ফোন ও নগদ টাকা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 04:15 PM

Updated : 25 Dec 2023, 04:15 PM

চট্টগ্রামে হাতির দাঁতসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের খবর দিয়েছে র‌্যাব।

নগরীর ফিরিঙ্গি বাজার এলাকা থেকে রোববার মো. শাহনেওয়াজ বাবলু নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

৩৫ বছর বয়সী বাবলুর বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে বিভিন্ন বন্য প্রাণীর চামড়া, হাতির দাঁত সংগ্রহ করে সেগুলো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে র‌্যাবের ভাষ্য।

র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার থেকে চট্টগ্রামে বিক্রির জন্য হাতির দাঁত নিয়ে আসার খবর পেয়ে ফিরিঙ্গি বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে বাবলুকে তল্লাশি করে তার ব্যাগ থেকে দুটি হাতির দাঁত উদ্ধার করা হয়।

বাবলুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করে তাকে পুলিশে সোপর্দ করার কথা জানানো হয় র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে।