কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু
নগরীর ষোলশহর এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের পথে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামে ‘কানে হেডফোন লাগিয়ে’ রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার নগরীর ষোলশহর এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের পথে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১৯ বছর বয়সী ইব্রাহীম উদ্দিন ইরফান সিএমপি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। ষোলশহর মেয়র গলিতে পরিবারের সাথে থাকতেন তিনি।
চট্টগ্রাম রেলওয়ে (জিআরপি) থানার এসআই খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইরফানের কানে হেডফোন ছিল। রেললাইন ধরে হাঁটছিলেন তিনি। বটতলী থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি তখন ষোলশহরে আসছিল।“
ট্রেন থেকে বারবার হর্ন বাজানো হলেও ইরফাত বুঝতে পারেননি জানিয়ে এই পুলিশ সদস্য বলেন, “আশপাশের লোকজনও তাকে লাইন থেকে সরে যাওয়ার ইশারা করেছিল, সে খেয়াল করেনি।”
