১৭ বছর আগের হত্যা মামলায় যাবজ্জীবন
২০০৬ সালে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল উঠে এক তরুণীকে খুন করেন আসামি ইউছুফ।
চট্টগ্রামের একটি হোটেলে ১৭ বছর আগে এক তরুণীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞা বুধবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত ইউছুফ বিন আলম (৩৫) নোয়াখালী জেলার চর জব্বার থানার চর মজিদ এলাকার জহুর আলমের ছেলে। ঘটনার পর থেকে ইউছুফ পলাতক।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হোটেল কক্ষে এক নারীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি ইউছুফ বিন আলমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছেন আদলাত।
পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ৫ মে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডের হোটেল ছোবাহানের ১০৬ নম্বর কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন ইউছুফ ও রিমা নামের ২৪ বছর বয়সী এক তরুণী।
একদিন পর ৭ মে ভোর সাড়ে ৫টার নাস্তা আনার কথা বলে কক্ষে তালা দিয়ে বেরিয়ে যায় ইউছুফ। দুপুর পর্যন্ত না ফেরায় হোটেলের লোকজন পুলিশকে খবর দেয়।
ওই কক্ষের তালা ভেঙে পুলিশ রিমার লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল।
ওই ঘটনায় কোতোয়ালি থানার সে সময়ের এসআই সেকেন্দার আলী বাদী হয়ে ইউছুফকে আসামি করে মামলা করেন। মামলায় রিমাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে উল্লেখ ছিল।
মামলার তদন্ত শেষে ২০০৬ সালের ২৯ আগস্ট অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০৮ সালের ৮ জুন ইউছুফের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার তাকে দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত।
