২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ারার ইপিজেড মাঠে জনসভাস্থলে শেখ হাসিনা

আনোয়ারায় জনসভার স্থলে নৌকার আদলে তৈরি মঞ্চে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়েছে জনসভা। সকাল থেকে উত্তর, দক্ষিণ ও নগরী থেকে হাজারো মানুষ দলে দলে জনসভায় যোগ দিতে মাঠে সমবেত হন। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2023, 01:29 PM

Updated : 28 Oct 2023, 01:29 PM

চট্টগ্রামে আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে শনিবার সকাল সাড়ে ১১টা ৪০ মিনিটের দিকে পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে একটি ফলক উন্মোচনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন সরকার প্রধান।

উদ্বোধনী ফলক উন্মোচনের এরপর গাড়িতে চড়ে টানেল ধরে তিনি রওনা হন আনোয়ারা প্রান্তে। তিন মিনিটে আনোয়ারা প্রান্তে পৌঁছে টোল প্লাজায় টোল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর যোগ দেন জনসভায়।  পাঁচ বছর পর দক্ষিণ চট্টগ্রামে কোনো জনসভায় ভাষণ দিতে চলেছেন শেখ হাসিনা।

আনোয়ারায় জনসভার স্থলে নৌকার আদলে তৈরি মঞ্চে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়েছে জনসভা। সকাল ৯টার আগাএ থেকে উত্তর, দক্ষিণ ও নগরী থেকে হাজারো মানুষ দলে দলে জনসভায় যোগ দিতে মাঠে সমবেত হন। 

চট্টগ্রামের বিভিন্ন উপজেলাসহ মহানগর থেকে দলীয় কর্মীরা রঙবেরঙের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে, রঙিন টিশার্ট পড়ে সমাবেশে যোগ দেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় জনসভায় বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।।

জনসভায় তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে এটাই প্রথম টানেল। গত ১৫ বছরে পুরো বাংলাদেশ বদলে গেছে। আকাশ থেকে আজ বাংলাদেশ চেনা যায় না। যে ছেলেটি ১৫ বছর আগে বিদেশে গেছে সে যখন দেশে ফেরে তখন তার মনে হয় এটি বোধহয় বাংলাদেশ নয়। বিমান বোধহয় ভুল করে সিঙ্গাপুর বা মালয়েশিয়া চলে গেছে।

“সে যখন তার গ্রামে যায়, সেই মেঠো পথ আর নেই। সেই পথ আজ পিচ ঢালা পথ। পাশের কুড়ে ঘর আর নেই। সেটি পাকা ঘরে পরিণত হয়েছে। দেশের মানুষ আজ শান্তিতে আছে।”

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের মানুষের 'ভাগ্যের পরিবর্তন হয়েছে' জানিয়ে হাছান মাহমুদ বলেন, " মানুষ আজ মাছ মুরমুগির দাম বাড়লো কী না সে খবর নেয়। আজ থেকে ১৫ বছর আগে ডাল-ভাতের খবর নিত। কারণ আজ প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।"

কণফুলী টানেল ও আশেপাশের রাস্তার ভিডিও ইউটিউবে দেখার পর এসবের সঙ্গে ইউরোপ-আমেরিকার রাস্তাঘাটের সাদৃশ্য তিনি খুঁজে পেয়েছেন বলেও ভাষ্য হাছান মাহমুদের।

গত ১৫ বছরে শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নে ১ লক্ষ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছেন বলেও তিনি।

হাছান মাহমুদের ভাষ্য, “বঙ্গবন্ধু কন্যার সফলতায় সমস্ত পৃথিবী বাংলাদেশের প্রশংসার করছে। আমাদের অগ্রযাত্রা দেখে পাকিস্তান হাহুতাশ করে। আর মির্জা ফখরুল ও তার দোসররা সমালোচনা করে। তারা উন্নয়ন দেখতে পায় না।"

বিএনপিকে টানেল ব্যবহারের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন,  “আসুন টানেল দিয়ে দক্ষিণ চট্টগ্রামে। যদি টোল দিতে না চান, আমরা টোল দিয়ে দিব।"

ঢাকায় বিএনপির সমাবেশে 'অগ্নি সন্ত্রাসীদের' জমায়েত করা হয়েছে অভিযোগ করে হাছান মাহমুদ বলেন, "ঢাকায় গন্ডগোল করলে কঠোর হস্তে জনগণকে নিয়ে তা প্রতিহত করব। সন্ত্রাসীদের ঢাকা থেকে বিতাড়িত করব। আমরা অনুমনুতি দিয়েছি বলে আপনারা আজ সমাবেশ করছেন। আমরা সমাবেশ করতে চেয়েছি, তখন অনুমনুতি দেননি। আমাদের এই অনুমনুতিকে দুর্বলতা ভাবলে ভুল করবেন।"

বিএনপি বাংলাদেশকে 'পিছিয়ে নিতে চায়' মন্তব্য করে আনোয়ারার সামবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, " যখন বাংলাদেশ সে পথে এগিয়ে চলেছে তখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি বলছে, 'টেক ব্যাক বাংলাদেশ'। তারা আবার বাংলাদেশকে পিছিয়ে নিতে চায়।"

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার 'বাংলাদেশকে টেক ব্যাক' করাতে চায় মন্তব্য করে হানিফ বিএনপি-জামায়াত জোটের শাসনামলে ২১ অগাস্ট গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র মামলার কথা কুলে ধরেন।

তিনি বলেন, "এদেশের মানুষ  পিছিয়ে যেতে চায় না। তারা চায় এগিয়ে যেতে। বিএনপি জামায়াতের কথায় বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। নির্বাচন হবে সামনে। বিএনপি সেই নির্বাচনকে এখন বানচাল করতে উঠেপড়ে লেগেছে। কারণ তারা জানে ভোটে তারা জিতবে না।"