১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নুরকে গ্রেপ্তারের নির্দেশ চট্টগ্রাম আদালতের

২০২২ সালের ১৪ জুন নুরের বিরুদ্ধে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন ছাত্রলীগের এক নেতা।

নুরকে গ্রেপ্তারের নির্দেশ চট্টগ্রাম আদালতের

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2024, 06:44 PM

Updated : 15 Apr 2024, 06:44 PM

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

সোমবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবীর এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ট্রাইব্যুনালের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০২২ সালে সে সময়ের শিক্ষা উপমন্ত্রী, ছাত্রলীগ এবং যুবলীগকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগে মামলাটি হয়েছিল।

“গত ৬ ফেব্রুয়ারি এ মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত অভিযোগপত্রটি আমলে নিয়ে নূরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।”

২০২২ সালের ১৪ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক আইনজীবী শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন।

সেদিন ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবীর অভিযোগ শুনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন।

পুরানো খবর:

চট্টগ্রামে নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মামলার বাদী আইনজীবী শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ২০২২ সালের ১ জুন ঢাকায় যুব অধিকার পরিষদের এক অনুষ্ঠানে নওফেলকে নিয়ে 'কুরুচিপূর্ণ' মন্তব্য করেন নুর। ছাত্রলীগকে নিয়েও 'খারাপ কথা' বলেন তিনি।

এই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি করা হয় সে সময়।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর গত বছর অক্টোবরে নতুন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ গণ অধিকার পরিষদ নিয়ে মাঠে নামেন।