২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক কারাগারে

ঘটনা প্রকাশ না করতে তিনি হুমকিও দেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2024, 12:46 PM

Updated : 26 Aug 2026, 09:45 AM

পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকার বাসা থেকে রোববার ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। 

বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, ওই ছাত্রী গ্রেপ্তার ফয়েজুল ইসলামের (৪৬) কাছে প্রাইভেট পড়তেন। মেয়েটির মা চাকরিতে গেলে শনিবার সে বাসায় একা ছিল। সকালে অন্য এক ছাত্রীর মাধ্যমে ভুক্তভোগীকে বাসায় ডেকে নেন ফয়েজুল। 

ওই ছাত্রীর মায়ের অভিযোগের বরাতে ওসি সিনহা বলেন, “বাসায় ডেকে নিয়ে ফয়েজুল ওই ছাত্রীকে নেশাজাতীয় শরবত পান করান এবং তাকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন।” 

রাতে মা বাসায় ফিরলে ওই ছাত্রী ঘটনা খুলে বলেন। শনিবার গভীররাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে বায়েজীদ বোস্তামী থানায় ধর্ষণ মামলা করেন।

পরে ফয়েজুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।