ফুল উৎসবে ফুলের দল
ফৌজদারহাট পোর্ট লিংকে ফুলের সাম্রাজ্যে শিশু কিশোরদের মিলন মেলা উৎসবে রূপ নিয়েছে।
চট্টগ্রামে সাগরপাড়ে ফুল উৎসবে খুশির একদিন কাটালো দু’শ শিশু; সেখানে কেউ মেতেছিল নাগরদোলায়, কেউবা পাশের বিশাল দিঘীতে নৌকায় চড়ে ঘুরে বেড়িয়েছে।
শুক্রবার সকাল থেকে ফুলের মেলায় আনন্দে মেতেছিল এতিম ও বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুরা।
তাদের নিয়ে ফৌজদারহাট পোর্ট লিংক রোডে চলমান চট্টগ্রাম ফুল উৎসবে এ আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।
সরকারি শিশু পরিবার, ‘উপলব্ধি’ এবং সীতাকুণ্ড প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রায় দু’শ শিশু ছয়টি বাসে করে সকাল ১১টার দিকে সাগরপাড়ের ওই ফুলের মেলায় পৌঁছায়।
সরকারি শিশু নিবাসের বাসিন্দা নাঈমা অনুভূতি জানাতে গিয়ে বলে, “আমি এখানে এসে অনেকগুলো ফুলের নাম জেনেছি। নৌকায় ঘুরেছি সবাই মিলে। আমার খুব ভালো লাগছে। এত সুন্দর জায়গায় আমি কখনো ঘুরিনি।”
হুইল চেয়ারে বসা মাঈনুল ইসলাম নামে এক কিশোর বলে, “আমাদের কথা কেউ ভাবে না। আজ শুধু আমাদের জন্য আয়োজন দেখে খুব ভালো লাগল। সরকারি কর্মকর্তাদের শুধু আমাদের সময় দিতে এখানে এসেছেন, এটা সারাজীবন মনে থাকবে। ভবিষ্যতেও যেন আমাদের জন্য বিশেষ আয়োজন থাকে।
চট্টগ্রাম সরকারি শিশু পরিবারের শিক্ষক রুমা পারভীন বলেন, “এত বিশাল জায়গাজুড়ে শুধু ফুলের বাগান চট্টগ্রামের অন্য কোথাও নেই। আমরা যেন মাঝে মাঝে আমাদের এসকল এতিম বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারি। এরকম একটি পার্ক শিশুদের মানসিক বিকাশে দারুণ অবদান রাখবে।”
বিশেষ চাহিদা সম্পন্ন শিশু জান্নাতুল নাইম বলে, “নাগরদোলা আর নৌকায় চড়েছি। অনেক সুন্দর। আমরা যেখানে থাকি সেখানে এরকম বাগান হলে খুব ভালো লাগবে।”
শিশুদের নিয়ে এ আয়োজনের কারণ জানিয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “এই পিতৃ-মাতৃহীন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদেরকে সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে বাদ দিয়ে কোনোভাবেই সামষ্টিক উন্নয়ন সম্ভব নয়।
“উন্নত বিশ্বে এধরনের শিশুদের সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে। কিন্তু আমাদের দেশে সব জায়গায় এ ধরনের পর্যাপ্ত ব্যবস্থা নেই। মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও এসকল শিশুদের ব্যাপারে খুবই আন্তরিক।”
শিশুবান্ধব ও প্রতিবন্ধীবান্ধব পার্ক হিসেবে ডিসি পার্ককে গড়ে তোলা হবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, “তারা যেন প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট সময়ে এখানে আসতে পারে এবং খেলাধুলা করতে পারে সে ব্যবস্থা করব।”
সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, “এক সময়ের মাদকের রাজ্য এখন ফুলের রাজ্য হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আজ এই ফুলের সম্রাজ্যে শিশু কিশোরদের মিলন মেলা একটি উৎসবে রূপ নিয়েছে।”
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান, নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ, আব্দুল্লাহ আল মামুন ও প্রতীক দত্ত।
