২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরোপুরি নিভেছে এস আলম তেলের কারখানার আগুন

“মিলের দুই তলা ভবনের দ্বিতীয় তলায় স্টোরে আগুন লেগেছে। সেখানে পুরনো কাগজপত্র, আসবাবসহ পরিত্যক্ত মালামাল ছিল।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2024, 12:24 PM

Updated : 12 Apr 2024, 12:24 PM

চট্টগ্রামের মইজ্জ্যারটেক এলাকায় এস আলম ভেজিটেবল অয়েল কারখানায় লাগা আগুন পুরোপুরি নেভানো হয়েছে।

শুক্রবার বেলা সোয়া ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সকাল ৮টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

পুরনো খবর:

চট্টগ্রামে এস আলমের ভোজ্যতেলের কারখানায় আগুন

এরপর ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, চন্দনপুরা, লামার বাজার ও কর্ণফুলী মর্ডান স্টেশনের ৯টি ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পুরোপুরি নেভানো যায়নি।

ডিএডি রাজ্জাক বলেন, “মিলের দুই তলা ভবনের দ্বিতীয় তলায় স্টোরে আগুন লেগেছে। সেখানে পুরনো কাগজপত্র, আসবাবসহ পরিত্যক্ত মালামাল ছিল।

“স্টোর রুমে আগুন কীভাবে লেগেছে সেটি তদন্ত করে বলা যাবে।”

এর আগে গত ৪ মার্চ কর্ণফুলী নদীর তীরে এস আলম গ্রুপের চিনি পরিশোধন কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কয়েকদিনের চেষ্টায় সেই গুদামের আগুন নেভানো সম্ভব হয়।