১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে পাহাড় ধসে রাস্তা বন্ধ, মাইক্রোবাস আটকা

“দেখি পাহাড় ভেঙে পড়ছে।… মাটি এসে আমার গাড়ি চেপে ধরল। আমি তখন ছিটকে গাড়ি থেকে বাইরে পড়ে যাই।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2023, 11:21 AM

Updated : 04 Aug 2023, 11:21 AM

রাতভর টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর লালখান বাজার-টাইগার পাস সড়কের পাশে পাহাড় ধসে রাস্তার একপাশে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর অন্যতম প্রধান সড়কটির পাশের পাহাড়ের একাংশ ধসে রাস্তায় একটি মাইক্রোবাসের উপরে পড়ে। তাতে মাইক্রোবাসটি ধসে পড়া মাটিতে আটকে যায়, তবে কেউ হতাহত হননি।

মাইক্রোবাসটির চালক জীবন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে আমি বহদ্দারহাট থেকে গাড়ি নিয়ে আগ্রাবাদ যাচ্ছিলাম। হঠাৎ করে একটা বিকট শব্দ হয়।

“দেখি পাহাড় ভেঙে পড়ছে। একটা বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ল। একটা গাছ দুই টুকরো হয়ে গেল। মাটি এসে আমার গাড়ি চেপে ধরল। আমি তখন ছিটকে গাড়ি থেকে বাইরে পড়ে যাই। গাড়িতে আমি একাই ছিলাম।"

পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল। তারা ধসে পড়া মাটি সড়ক থেকে সরানোর চেষ্টা করছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, পাহাড়ের মাটি ধসে পড়ার দ্বিমুখী ওই সড়কের লালখান বাজার থেকে টাইগার পাসগামী অংশে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বিপরীতমুখী লেইনে যানবাহন চলাচল করছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম শহরে।

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং স্থল নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল।

তবে বৃহস্পতিবার দৈনিক আবহাওয়া সতর্কবার্তায় চট্টগ্রামে পাহাড় ধসের কোনো সতর্কতা জারি করা হয়নি।