অসহযোগের নামে বিল না দিলে কাটা পড়বে গ্যাস-বিদ্যুৎ সংযোগ: নওফেল
“তারা ধ্বংসাত্মক রাজনীতির মাধ্যমে সরকারের পতন ঘটাতে চেয়ে এখন নিজেদের পতন নিশ্চিত করে ফেলেছে।”
বিএনপি নেতাকর্মীরা অসহযোগের নামে বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানি বিল না দিলে এসবের সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে হুঁশিয়ার করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নওফেল বলেন, “বিএনপির অসহযোগ কর্মসূচির আহ্বান নির্বাচন বানচাল করার পরিকল্পিত ষড়যন্ত্র। তাদের নেতাকর্মীরা যদি অসহযোগের নামে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানির বিল না দেয় তাহলে এসবের লাইন কেটে দিয়ে তাদেরকে গৃহবন্দি করে রাখা হবে।
“তারা ধ্বংসাত্মক রাজনীতির মাধ্যমে সরকারের পতন ঘটাতে চেয়ে এখন নিজেদের পতন নিশ্চিত করে ফেলেছে। এই দলটি ইতিমধ্যে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত হয়েছে এবং জামায়াত নামক দলটি মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের একটা আস্তানা। এ ধরনের সন্ত্রাসী দল এবং যুদ্ধাপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে না পারলে বাঙালি জাতিসত্তার অস্তিত্ব নিরাপদ থাকবে না।”
নওফেল বলেন, “নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করার অর্থই হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাওয়া। কারণ যখনই আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে জনগণের ভাগ্য পরিবর্তন হয়েছে এবং সুখ ও সমৃদ্ধি সুপ্রতিষ্ঠিত হয়েছে।
“আমি নির্বাচিত হলে চট্টগ্রামের উন্নয়নে শেখ হাসিনা যে পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলো বাস্তবায়নে নিবেদিত হব এবং নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে প্রয়াস অব্যাহত রাখব।”
২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে এবং আবু তৈয়ব সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনি, উপ দপ্তর সম্পাদক জহর লাল হাজারী, কাউন্সিলর রুমকি সেনগুপ্তা প্রমুখ।
রোববার ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডেও মহিবুল হাসান চৌধুরী নওফেল গণসংযোগ করেন।
