২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কর্ণফুলীতে ভেসে আসা লাশটি ডেন্টাল টেকনোলজিস্টের

দেনাদারের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় রাজেশ আত্মগোপনে গেছেন বলে ধারণা করেছিলেন তার স্ত্রী।

কর্ণফুলীতে ভেসে আসা লাশটি ডেন্টাল টেকনোলজিস্টের

কর্ণফুলী নদী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 09:12 PM

Updated : 13 Jul 2023, 10:02 PM

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দুই দিন আগে উদ্ধার করা লাশটি একজন ডেন্টাল টেকনোলজিস্টের বলে জানিয়েছে পুলিশ।

রাজেশ বড়ুয়া নামের ৩২ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি বাঁশখালী উপজেলার পূর্ব শীলকূপে। নগরীর নন্দনকানন ১ নম্বর গলিতে পরিবার নিয়ে থাকতেন তিনি।

বৃহস্পতিবার পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশ শনাক্ত করেন বলে সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ১০ জুলাই নগরীর নন্দনকাননের বাসা থেকে বের হয়ে আর ফেরেননি রাজেশ। এ ঘটনায় তার স্ত্রী কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।

রাজেশের স্ত্রী পূজা বড়ুয়ার জিডিতে বলা হয়, তার স্বামীর অনেক দেনা ছিল। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি বাসা থেকে বের হন। পরে বেলা ৩টার দিকে ফোন করে বলেন ‘ভালো থেকো’। এরপর ফোন কেটে দেন। পরে আর ফোন ধরেননি।

দেনাদারের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় রাজেশ আত্মগোপনে গেছেন বলে জিডিতে ধারণা প্রকাশ করেছিলেন পূজা।

এদিকে মঙ্গলবার দুপুরে নগরীর বাংলাবাজার ঘাট থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে নৌ পুলিশ। লাশটি জোয়ারের পানিতে ভেসে এসেছিল।

তার পরিচয় জানতে বিভিন্ন থানায় যোগাযোগ করে নিখোঁজ সংক্রান্ত জিডিগুলো খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। সেই ধারাবাহিকতায় পরিবারের সদস্যরা মর্গে গিয়ে ওই লাশ রাজেশের বলে শনাক্ত করেন।