২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তধর্মীয় সংলাপ: সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানের ডাক

চট্টগ্রামে এই আন্তধর্মীয় সংলাপ সম্মিলনী শুরু হয় কোরআন তিলাওয়াত, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মধ্য দিয়ে।

আন্তধর্মীয় সংলাপ: সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানের ডাক

শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আন্তধর্মীয় সংলাপ সম্মিলনীতে যোগ দেন ইসলাম, সনাতন, বৌদ্ধ ও খ্রিস্ট ধর্মের দুই শতাধিক অনুসারী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 12:30 AM

Updated : 21 Oct 2023, 11:50 AM

চট্টগ্রামে একই আয়োজনে চার ধর্মের পবিত্র গ্রন্থ পাঠ হলো, ধর্মে ধর্মে বিভেদ আর দ্বন্দ্ব ভুলে আহ্বান করা হলো শান্তিপূর্ণ সহাবস্থানের। সারা বিশ্বের জন্য কামনা করা হলো শান্তির।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আন্তধর্মীয় সংলাপ সম্মিলনীতে এই আহ্বান জানানো হয়। এতে ইসলাম, সনাতন, বৌদ্ধ ও খ্রিস্ট ধর্মের দুই শতাধিক অনুসারী অংশ নেন।

এই সম্মেলনের আয়োজন করে কাথলিক খ্রিস্টানদের ‘খ্রিস্টিয় ঐক্য ও আন্তধর্মীয় সংলাপ কমিশন’।

চট্টগ্রাম কাথলিক আর্চ ডাইয়োসিসের প্রধান ধর্মগুরু ও সংলাপ কমিশনের চেয়ারম্যান আর্চ বিশপ লরেন্স সুব্রত হাওলাদার বলেন, “সবাই যেন নিজ নিজ ধর্মের বিশ্বাসকে সুদৃঢ় করে এবং সেই বিশ্বাস থেকে উৎসারিত শক্তিতে শক্তিমান হয়ে ধর্মীয়, আধ্যাত্মিক, সামাজিক ও নৈতিক জীবন অনুশীলন করতে পারে এবং মহতী জীবন-সাধনায় ব্রতী হতে পারে সেজন্যে এই সংলাপের আয়োজন।”

চট্টগ্রাম আর্চ ডাইয়োসিসের সেক্রেটারি মানিক উইলভার ডিকস্তা ও মাইজভাণ্ডারী অ্যাকাডেমির সদস্য আরেফিন রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় কোরআন তিলাওয়াত, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মধ্য দিয়ে।

ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসান বলেন, “সব ধর্মের আলোচকদের জ্ঞানগর্ভ আলোচনায় শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ নতুন মাত্রা লাভ করবে বলে প্রত্যাশা করি।”

হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর বলেন, “শুধু আমাদের দেশ নয়, গোটা পৃথিবীব্যাপী ধর্ম নিয়ে বাড়াবাড়ি, নিজের ধর্মকে বড় করার তাগাদা নয় বরং সব ধর্মের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাসের অনুশাসনে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে জাতীয় এপিসকপাল খ্রিস্টীয় ঐক্য ও আন্তধর্মীয় সংলাপ কমিশনের সেক্রেটারি প্যাট্রিক গোমেজ বলেন, “যিশুর প্রধান আদেশই হল ঈশ্বরকে ভালোবাসা ও প্রতিবেশীকে ভালোবাসা। ভালোবাসা কখনো বড়াই করে না, উদ্ধতও হয় না, রুক্ষও হয় না। সে স্বার্থপর নয়, বদমেজাজীও নয়। অধর্মে সে আনন্দ পায় না, বরং সত্যকে নিয়েই তার আনন্দ।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাফর উল্লাহ্ বলেন, “এই বিশ্ব বৈচিত্র্যময়। এখানে নানা বর্ণ আছে, নানা ভাষা আছে, নানা ধর্মও আছে। এ সবকিছু স্বীকার করে নিয়ে তার মাঝে ঐক্য গড়ে তোলা, সাম্য বিধান করা, সমন্বয় প্রতিষ্ঠা করা এবং এভাবে এক সুশৃঙ্খল সুখী-সুন্দর পৃথিবী গড়ে তোলাই হচ্ছে মহান স্রষ্টার অভিপ্রায়।”

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং এ সাবেক উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া বলেন, “পরমত সহিষ্ণুতা, ঈমান, বিশ্বাস-ভক্তি-শ্রদ্ধা-সম্মান এবং শাস্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সবারই নৈতিক দায়িত্ব। রাষ্ট্র, সমাজ, বিবেকবান মানুষ মাত্রেই সুখ সমৃদ্ধিতে অবস্থান করতে চায়।

“কিন্তু, সে সমৃদ্ধি যেন বৈষম্য, শোষণ, ঘৃণা, বঞ্চনা বা মানবাধিকার বঞ্চিত না হয়। হতে হবে, সুষম বণ্টন, প্রেম প্রীতি উৎপন্নমূলক, সাম্য, মানবতাবাদী, সৌম্য সংযুক্ত এবং পরিবেশ ভারসাম্য ও প্রকৃতি প্রাধান্য।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সুকান্ত ভট্টাচাৰ্য্য বলেন, “যত্র জীব, তত্র শিব।' অর্থাৎ প্রত্যেক জীবের মধ্যেই স্রষ্টার অস্তিত্ব। তাই জীব সেবা মানেই ঈশ্বরপ্রেম। যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, ‘যত মত, তত পথ’ কিংবা ‘ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা।”

অনুষ্ঠানে ভক্তিনৃত্য পরিবেশন করেন শিল্পী এলড্রিন ক্রাউলি। হামদ, নাত ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন সৈয়দ জিয়া উদ্দিন এবং কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী প্রযুক্তা চক্রবর্তী।