সরকার পুলিশকে জনগণের প্রতিপক্ষ করে রেখেছে: শাহাদাত
সরকারকে ‘মামলাবাজ’ আখ্যা দিয়ে পুলিশকে নাগরিকের গণতান্ত্রিক অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা।
সরকার পুলিশকে জনগণের প্রতিপক্ষ করে রেখেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার চট্টগ্রাম নগর ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
শাহাদাত বলেন, “এই স্বৈরাচারী সরকার ক্ষমতায় আর বেশিদিন টিকে থাকতে পারবে না। তাদের সময়ে ফুরিয়ে এসেছে। গত ১৪ বছর ধরে জনগণের সম্পদ লুটেপুটে খেয়েছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির করে নিজেদের ভাগ্য উন্নয়ন করেছে।
“তারা আবারও ক্ষমতায় যাওয়ার জন্য বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা সাজানো মামলা দিচ্ছে। বিএনপির গণজোয়ারকে তারা ভয় পায়। তারা প্রশাসনের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে।”
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক বলেন, “প্রশাসনকে উদ্দেশ করে বলতে চাই, পুলিশ জনগণের বন্ধু শত্রু নয়। কিন্তু সরকার আপনাদেরকে জনগণের প্রতিপক্ষ করে রেখেছে। জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার রাজপথে সভা-সমাবেশ করবে। এটা সাংবিধানিক অধিকার।
“কিন্তু সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের এই সাংবিধানিক অধিকারকে বাধাগ্রস্ত করতে জনগণের প্রতিপক্ষ হিসেবে আপনাদের (পুলিশকে) ব্যবহার করছে। এটা আপনাদের বুঝতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আনতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।”
চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তার মুক্তির দাবি জানান শাহাদাত।
চট্টগ্রাম নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন, যুগ্মসম্পাদক জমির উদ্দিন নাহিদ, নগর ছাত্রদলের যুগ্মআহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, সালাউদ্দিন সাহেদ, সামিয়াত আমিন জিসান, জিএম সালাউদ্দিন কাদের আসাদ, মাস্টার আরিফ, জহির উদ্দিন বাবর, আরিফুর রহমান মিঠু।
