২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারিকেন কী, ছেলেমেয়েরা বলতে পারবে না: হাছান

সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর সফলতার কথা বলতে গিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, হারিকেন কী জিজ্ঞাসা করলে তা বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের বলতে পারবে না।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 09:21 PM

Updated : 14 Jul 2022, 07:01 PM

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর পাড়ের বাসায় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

বিদ্যুৎ নিয়ে বিএনপির আমলের চিত্র তুলে ধরতে গিয়ে হাছান মাহমুদ বলেন, “তখন বিদ্যুতের দাবিতে মানুষ বিক্ষোভ করেছে, তখন কানসাটে গুলি করে অনেককে হত্যা করেছে। চট্টগ্রামে মোমবাতি নিয়ে মিছিল হয়েছে। ঢাকায় বিদ্যুৎ অফিস ঘেরাও হয়েছে। মানুষ হারিকেন নিয়ে মিছিল করেছে।

“এখন হারিকেন কী, এটি বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের জিজ্ঞাসা করলে বলতে পারবে না। কারণ হারিকেনের ব্যবহার নাই। কারণ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন।”

বিদ্যুৎ সংকট নিয়ে বিশ্ব পরিস্থিতির দিকে তাকাতে বিএনপি নেতাদের পরামর্শ দিয়ে তিনি বলেন, “অফিসের চার দেয়াল ও নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে চোখ মেলে বিশ্ব পরিস্থিতির দিকে একটু তাকান। সমগ্র পৃথিবী, অর্থনৈতিকভাবে অনেক সামর্থবান দেশগুলোও সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করছে।

“ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য দেশে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার কোনো কোনো জায়গায় ১৫ থেকে ১৮ ঘণ্টা লোডশেডিং হয়েছে।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “পৃথিবীতে মহামারী চলছে, ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের কারণে পৃথিবীতে অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়েছে। আপনারা জানেন পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র ছিল।

“সমস্ত প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্রকে পেছনে ফেলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু যেমন নির্মিত হয়েছে, পৃথিবীর এই সঙ্কটকালীন সময়ের মধ্যেও সমস্ত প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতাকে উপড়ে ফেলে দেশ সমৃদ্ধির পথে অভিযাত্রা অব্যাহত থাকবে।”

মানুষ এবার স্বস্তির মধ্য দিয়ে ঈদ করতে নিজ নিজ গন্তব্যে যেতে পেরেছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী।

পরে জলাবদ্ধতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের জন্য তিনটি প্রকল্পে এগার হাজার কোটির কাছাকাছি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। যারা এই প্রকল্পগুলো বাস্তবায়ন করছে এই টাকার সদ্ব্যবহার ও সমন্বিতভাবে কাজ করা তাদের দায়িত্ব।

“আমি নিজেও চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার মধ্য দিয়েই বড় হয়েছি। যেহেতু জলাবদ্ধতা প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি মাঝপথে আছে, সেজন্য মানুষ এখনো সুফল পাচ্ছে না। মানুষ যাতে তাড়াতাড়ি সুফলটা পায়, সেই কথাটাই তাদেরকে বলেছি।”