মামলা তুলতে শিশুকে জিম্মি: আটক ১ ব্যক্তি
স্ত্রীর করা মামলা তোলাতে শ্যালিকার শিশু সন্তানকে জিম্মি করে কক্সবাজার আটকে রাখার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে পাঁচ বছর বয়েসী শিশুটিকে।
রোববার ভোরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা থেকে মো. সেলিম (৪৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে শিশুটিকে উদ্ধার করা হয়। সেলিমের বাড়ি কক্সবাজারের ঈদগাঁও উপজেলায়। শিশুটি চট্টগ্রামের।
চট্টগ্রামের সদরঘাট থানার ওসি মো. খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকচালক সেলিমের সঙ্গে হোসনে আরা বেগম নামে এক নারীর তিন বছর আগে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর হোসনে আরা জানতে পারেন আগেও সেলিম একাধিক বিয়ে করে এবং সেখানে তাদের সন্তান আছে।
এসব বিষয় নিয়ে প্রতিবাদ করায় হোসেন আরাকে মারধর করতেন সেলিম, এক পর্যায়ে তিনি বাড়ি থেকে চলে এসে নগরীর সদরঘাট থানার টং ফকির মাজার লেইনে ছোট বোনের বাসায় আশ্রয় নেয়। পাশাপাশি আদালতে সেলিমের বিরুদ্ধে একটি মামলা করেন।
ওসি জানান, “সেলিম বিভিন্ন সময়ে হোসনে আরাকে বাড়িতে ফিরিয়ে নিতে এবং মামলা প্রত্যাহারের অনুরোধ করলেও তিনি তা করেননি।
“শনিবার সকালে সেলিম টং ফকির মাজার লেইনে গিয়ে তার শ্যালিকার পাঁচ বছর বয়েসী শিশু কন্যাটিকে দেখে তাকে চকলেট-চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারের ঈদগাঁও এলাকায় নিজের বাড়িতে নিয়ে যায়।”
ওসি বলেন, এরপর সেখান থেকে ফোন করে হোসনে আরাকে মামলা তুলে নিতে বলেন সেলিম, নইলে শিশুটির ক্ষতি করার হুমকি দেন।
বিকালে থানায় অভিযোগ করেন শিশুটির বাবা হারুণ অর রশিদ। অভিযোগ পেয়েই সদরঘাট থানা পুলিশের একটি দল কক্সবাজারের ঈদগাঁও এলাকায় অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করে শিশুটিকে উদ্ধার করে।
অপহরণের ঘটনায় সেলিমের বিরুদ্ধে করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি খায়রুল।
