২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচয় শনাক্তে ডিপোর আগুনে নিহতদের ডিএনএ পরীক্ষা হবে

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণে নিহতদের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2022, 09:24 PM

Updated : 25 Oct 2022, 10:42 AM

সোমবার সকাল আটটা থেকে এজন্য নমুনা সংগ্রহ শুরু হবে বলে জানানো হয়েছে। নিহতদের স্বজনদের এজন্য সকালের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আসতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

রোববার সন্ধ্যায় চমেক হাসপাতালে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মোমিনুর রহমান জানান, নিহতদের মধ্যে অনেকের শরীর জ্বলে অঙ্গার হয়ে গেছে। ফরেনসিক টেস্ট ছাড়া তাদের পরিচয় শনাক্ত করা যাবে না।

Image
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে শনিবার রাতে লাগা আগুন রোবাবর দুপুরেও পুরোপুরি নেভানো যায়নি। ছবি: সুমন বাবু

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে শনিবার রাতে লাগা আগুন রোবাবর দুপুরেও পুরোপুরি নেভানো যায়নি। ছবি: সুমন বাবু

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি ফরেনসিক দল চট্টগ্রাম আসছে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য। সোমবার সকাল আটটা থেকে তারা নমুনা সংগ্রহ শুরু করবেন বলে তিনি জানান।

তিনি বলেন, “সেজন্য শনাক্ত এবং শনাক্তহীন মৃতদেহ যেগুলো পাওয়া গেছে তাদের স্বজনদের মধ্যে মা-বাবা, ভাই-বোন এবং ছেলে-মেয়েদের মধ্যে যেকোনো দুইজনকে সকাল আটটায় জরুরি বিভাগের গেইটে আসার জন্য অনুরোধ করছি।”

নগরী থেকে ৩০ কিলোমিটার দূরে কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের ওই কন্টেইনার টার্মিনালে শনিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। পরে রাসায়নিকের কন্টেইনারে একের পর এক বিকট বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে।

এতে রোববার পর্যন্ত প্রায় অর্ধশত ব্যক্তির মৃত্যু এবং দুই শতাধিক আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Image
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে কোটি কোটি টাকার পণ্যবাহী শত শত কন্টেইনার। ছবি: সুমন বাবু

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে কোটি কোটি টাকার পণ্যবাহী শত শত কন্টেইনার। ছবি: সুমন বাবু

এএসআই আলাউদ্দিন জানান, এখন পর্যন্ত মোট ৪১ জনের মরদেহ চট্টগ্রাম মেডিকেলের মর্গে এসেছে, তাদের মধ্যে পাঁচ জন ফায়ার সার্ভিসের কর্মী।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত ১৩ জনের পরিচয় জানা গেছে।

তারা হলেন কুমিরা ফায়ার স্টেশনের মনিরুজ্জামান (৩২) ও রানা মিয়া (২৪),  একই উপজেলার চারিয়ার নাপুরা এলাকার মাহমুদুর রহমানের ছেলে মো. মহিউদ্দীন (২২), ভোলা জেলার হাবিবুর রহমান (২৬) ও রবিউল আলম (১৯), মমিনুল হক (২৪), তোফায়েল আহমেদ (২২), আলাউদ্দিন (৩৫) মো. সুমন (২৮) মো ইব্রাহিম (২৭) মো. শাকিল (২২), নিপন চাকমা (৪৫) এবং আফজাল হোসেন (২০)।